![]() |
| সর্বানী দাস |
চলো বদলাই রঙিন জামা ঠিক পেঁয়াজের মতো,
আসবে যাবে খালা মামা দিয়ে যাবে ক্ষত।
পাড়ার মোড়ে হৈ হুল্লোড়ে বাজবে ডিজে জোরে,
নাচবে নেতা মাখবে আবির শূন্য পকেট ওরে!
আমরা মানুষ বোকা ফানুস শিকার হয়েই রবো,
রবিবারের তরজা শুনে হুক্কহুয়া কবো।
মামা দেবে খালা দেবে, দেবে অনেক টাকা,
তবু মোদের ভাঁড়ার শূন্য চলো বদলাই চাকা।
আসবে নিয়ম ভাঙবে নিয়ম লুট বাতাসা পাবো?
মোটা ভাত আর মোটা কাপড়, কার গান বলো গাবো।
সিংহাসনে বসবে রাজা অট্টালিকা গড়ে,
আমরা আছি ঝান্ডাধারী ধর্মে লড়ার তরে।
গুড় বাতাসা ছোলা মুড়ি পান্তাতে হাত চাটি,
ভীষণ গরম চলো বদলাই বছর বছর ঘাঁটি।
খাচ্ছে ওরা দিচ্ছি মোরা, জেনে শুনে বোকা,
বিরিয়ানি আর ডিম আলুতে খাচ্ছি যে রোজ ধোকা।
স্বাধীনতার স্লোগান তুলে অব্যক্ত সব কথা,
বোধবিহীন বিবেকবোধে কথার চড়ে ব্যথা।
আমজনতা আমি তুমি আমটা খেতে চেয়ে,
চলো বদলাই হক ছিনিয়ে জীবনের গান গেয়ে।
এ তো কেবল কথার কথা মনের ভাষা মনে,
যেমন ছিলাম থাকবো তেমন রাজা প্রজার সনে।
পাঁচ বছরে নাম লিখিয়ে পড়বে যে জন জামা,
শূন্য পথে হাঁটতে হবে নেই তো মোদের থামা।

অসাধারণ 👌
উত্তরমুছুনঅসংখ্য ধন্যবাদ দাদা 🌹🙏🏻
উত্তরমুছুনদিন বদলের চমৎকার আহ্বান করেছেন সম্মানিত কবি।🌹🌹
উত্তরমুছুনমানুষের পেটের টান আর নেতাদের গদির টান—এই দুইয়ের বৈষম্য আপনার কবিতায় দারুণ শ্লেষের সাথে ধরা পড়েছে। 'চলো বদলাই' স্লোগানটা যে শেষ পর্যন্ত কেবল কথার কথা হয়েই থেকে যায়, সেটা আপনি খুব সার্থকভাবে তুলে ধরেছেন।
উত্তরমুছুন