শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

চাঁদ তুমি সাক্ষী থেকো... - সালাম মালিতা

 
সালাম মালিতা 


চাঁদ তুমি সাক্ষী থেকো 
কত বিনিদ্র রাত কেটেছে-
শুধু তুমি আর আমি!
ঘরের বাতি নিভিয়ে দিয়ে 
খোলা বাতায়নে ঈশারায় কথা হয়,
শত অভিযোগে তোমার 
মেঘের আড়ালে লুকোচুরি দেখি।
তুমিও আমার প্রিয় মানুষের ন্যায়
বড্ড অভিমানী!

চাঁদ তুমি সাক্ষী থেকো 
কত স্বপ্নের খেয়া পারের-
অসমাপ্ত গল্প জানো!
তারাদের মত ক্ষুদ্র আশাদের
খসে পড়া দেখেছি দু'জনে, 
জেগে থাকা নত্রদের কষ্ট শুনে 
তাদের বন্ধু করে নিই।

চাঁদ তুমি সাক্ষী থেকো 
জোনাকপোকার আলোয়-
যে আবেগের বুনন হয়!
একমাত্র তুমিই জানো
শুকনো বালিশে পতিত 
জলবিন্দুর সংখ্যা কত,
লুকিয়ে রাখা ছবি দেখেই
বিষাদের চাদর পরি।
আমার সকল অন্তর্লীন কষ্ট 
তোমার নখদর্পনে, 
আঁকিবুঁকি ছায়া ফেলে
তুমি পুরোটাই জানো।

চাঁদ তুমি সাক্ষী থেকো 
আমার সেই প্রিয় মানুষটার-
তোমার অধিক কলঙ্ক ছিল!
সেদিন দু'জনের 
তোমার সাথে পরিচয় হলেও
আজ সে অন্যের সাথে
তারা গোনে, 
রঙিন আলোর ভিড়ে 
তোমার সামনে অঙ্গীকার করলেও-
অন্যের বুকে সুখ খোঁজে।

যতদিন তুমি রাতের অমানিশা ভেদে 
কালিমা মুছতে উঠবে,
ততদিন সাক্ষী দিও-
পাড়াগাঁয়ের ছোট্ট ঘরের 
ছোট্ট বাতায়ন খুলে-
আজও একটা ছোট্ট ছেলে
পুরানো সেই সঙ্গীর সাথে বসতে চায়,
তোমার সাক্ষীতে আধ্যাত্মিক মিলনে
দু'জনার তরে দু'জনে মিশে
অমর হতে চায়!

৬টি মন্তব্য:

  1. অসাধারণ! চাঁদের স্নিগ্ধতার আড়ালে লুকিয়ে থাকা এক নিঃসঙ্গ হৃদয়ের আর্তনাদ যেন প্রতিটা শব্দে মিশে আছে। স্মৃতির বাতায়ন আর জলবিন্দুর কাব্যিক প্রকাশ মন ছুঁয়ে গেল।

    উত্তরমুছুন

বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদ পরিবারের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যাবাদ 🌹