শনিবার, ২ মে, ২০২৬

বন্ধু - বই... - সর্বানী দাস

  
সর্বানী দাস


ভয় যেখানে জাপটে ধরে বন্ধু সেথায় বই,
নিত্য নতুন জ্ঞান বাড়াতে বই'কে করো সই।

অন্ধকারে আলোর দিশা বই যে দেখায় পথ,
পাতার ভাঁজে ইচ্ছে কলম মনের ভাষার রথ।

অজানাকে জানার চাবি ভুবন করতে জয়,
স্বপ্ন যেথায় ডানা মেলে  শব্দে ছন্দে রয় ।

মন যখন খুব ক্লান্ত হয়ে খোঁজে শান্তির নীড়,
বই নীরবে এসে তখন শব্দে রাখে ধীর।

কত বিপ্লব-বীরের গাথা ইতিহাস বলে যায়,
বিজ্ঞানের পথ জ্বলে ওঠে  প্রমাণ শুধু চায়।

শিশু থেকে বৃদ্ধ সবার বইয়ের ভাষা সুর,
বইয়ের পাতায় মুঠো বন্দি সব অদেখা  দূর।

বই'কে তাই বন্ধু করতে কবির কলম চায়,
 লেখাপড়া -পড়ালেখা পাঠক পানে ধায়।

জ্ঞানই শক্তি—এই সত্যে তো জীবন পূর্ণ রয় ,
বই এর পাতায় জীবন সদা সমৃদ্ধময় হয়।

1 টি মন্তব্য:

  1. খুবই চমৎকার লিখেছেন। বিশেষ করে 'অজানাকে জানার চাবি ভুবন করতে জয়'—এই পঙক্তিটি ভীষণ অনুপ্রেরণাদায়ক।

    উত্তরমুছুন

বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদ পরিবারের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যাবাদ 🌹