শুক্রবার, ২২ মে, ২০২৬

বাংলার নজরুল... -উজ্জ্বল কান্তি দাশ

লেখক -উজ্জ্বল কান্তি দাশ



 বাংলার নজরুল
-উজ্জ্বল কান্তি দাশ

খোদা তোমারে করেছে সৃষ্টি
না জানি কী মাটি দিয়া! 
সুর মূর্ছনায় ভরিয়া তুলেছো
গীত প্রেমীদের হিয়া।
 
কখনো তুমি বিদ্রোহী রূপে
কখনো হয়েছ প্রেমিক, 
কখনো তুমি রুটি কারিগর
কখনো বা সৈনিক।

কত বেশভূষে দেখেছি তোমারে, 
ঝাঁকরা চুলের পুরুষ! 
পরিচয় দিতে বুক চিতিয়ে
আমি পৃথিবীর মানুষ। 

শিকল ভাঙার মন্ত্র শিখালে
রক্তে মশাল জ্বেলে, 
ইংরেজদের সাধ্য কী ছিল
তোমারে রাখিবে জেলে! 

দারিদ্র্য তোমারে মহান করেছে
জ্বেলেছে জ্ঞানের দিয়া, 
দুখের সাথে পথচলা ছিল
নামটা যে দুখু মিয়া। 

ওপার বাংলায় পাড়ি দিয়ে হলে
ওপারের জাতীয় কবি, 
দুই বাংলার চেতনায় চির
অমলিন তব ছবি। 

বাঙালিরে সদা জাগ্রত রাখিলে
সরিয়ে মৃত্যু ভয়, 
তুমি বাংলার বাংলা তোমার
নেই কোনো সংশয়। 

ওপারে যাওয়া কী ঠিক ছিল কবি
হয়নি কী কোনো ভুল? 
নজরুল কভু ভাগ হতে পারে
ভাবিনি তো বিলকুল! 

একটি প্রশ্ন জিজ্ঞাসে আজই
বাংলার দুই কূল, 
ধর্মের নামে জাতের নামে কী
ভাগ হলো নজরুল?

৫টি মন্তব্য:

বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদ পরিবারের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যাবাদ 🌹