![]() |
| লেখক -সালাম মালিতা |
ধর্মের মুখোশ তোমার মুখে
ধার্মিক তুমি নও,
স্বার্থ হাসিল দিনে-রাতে
হিংসার কথা কও।
পোশাক পরে ধার্মিক সাজো
নোংরা অন্তর বাগ,
টাকার লাগি ধর্ম ব্যবসা
সমাজ ধ্বংসের নাগ।
মুখে ভক্তি হৃদয় কালো
বাসনা হয় কাম,
ভক্তের শরীর ভোগের পরে
করে তেঁনার নাম।
তুমি আমি ভিন্ন সবাই
মেকি ধার্মিক কয়,
নিজের ঘরে প্রদীপ জ্বেলে
অন্যের দেখায় ভয়।
জাতের নামে বজ্জাতিটা
করে প্রতি ক্ষণ,
জোয়ান বুড়ো সবাই শিকার
নির্দয় এদের মন।
ভবের ঘরে চুরি করে
শুধুই ধার্মিক সাজ,
বিবেক মারে যখন-তখন
পায় না কভু লাজ।
পাপ পুণ্যের'ই হিসাব-নিকাশ
ধরার মাঝে তাই,
নেবার বেলায় ভীষণ আপন
দেবার বেলায় নাই।
জাতিগত নীলচে বিষে
ধর্মান্ধতার দোষ,
আসুন ফেটে পড়ি সবে
দেখাই বিবেক রোষ।
ভেঙে ফেলি বিভেদ প্রাচীর
বাঁচাই মানব জাত,
দীনের বুকে জড়িয়ে নিই
জোগাই মুখে ভাত।
ধার্মিক সাজা বন্ধ করলে
মানবধর্মের জয়,
স্রষ্টার সৃষ্টি ভালোবাসলে
সান্নিধ্য তার হয়!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদ পরিবারের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যাবাদ 🌹