বুধবার, ১ এপ্রিল, ২০২৬

মৃত্যুকাতর (কবিতা) - সর্বানী দাস

  

সর্বানী দাস


জীবনডাঙায় হাট বসেছে 
আসা-যাওয়ার চলছে মেলা,
সাধের মাটির দেহখানায় 
নিঃশ্বাসে পার করবে ভেলা।

শ্বাসের বাঁশি নাভির টানে 
আটকে আগল খাঁচার পাখি,
দমের সুরে প্রাণের ঝাঁপি 
মৃত্যুকাতর অশ্রু আঁখি।

কামের ফাগুন জ্বলছে বুকে,
সুখের নেশায় "আমার আমি,"
ক্রোধের আগুন পোড়ায় দেহ 
লোভের লালায় পরাণ যামি।

মোহমায়ার ডুবসাগরে 
সত্য মিথ্যে যাচাই বিনে,
মদের নেশায় অহংকারে 
পাপের ঘড়া পূর্ণ ঋণে।

মাতসর্যের কালো বিষে 
অহর্নিশি  অন্তর দ্বন্দ্ব,
দেহপুরীর গুপ্ত ধনে 
চৌর্যবৃত্তি স্বভাব মন্দ।

উচ্চ-নীচে বর্ণ ভেদে 
জাতজুয়ারি আসছে ধেয়ে,
খুঁজিস যারে পরের দ্বারে 
দর্পণেতে দেখরে চেয়ে।

রাজপোশাকে বাহির সাজে 
মনের ঘরে ঘৃণা দম্ভ,
রক্তমাংসে মৃত্যুকাতর 
দুশো ছয়ে কঙ্কাল স্তম্ভ।

গয়নাগাটি টাকা মাটি 
স্বর্গ গড়া মায়ার সাজ্য,
শমণ এসে মুচকি হাসে 
মৃত্যুপুরীর অসীম রাজ্য।

সব কোলাহল হবে স্তব্ধ 
দেহের হাটে রইবে পড়ে,
মাটির মানুষ ছাই -কবরে 
দশদুয়ারে বিচার তরে।

মনের ভিতর মন যদি রয় 
চুপটি করে অচেনাতে,
মনের মানুষ মনমুকুরে 
মৃত্যুকাতর প্রার্থনাতে।

শেষের পথিক গান ধরেছে 
অনন্ত জ্ঞান  বাঁধে ছায়া 
মনবাউলে কইছে শোনো 
কায়া ভাঙা মিথ্যা মায়া।

বলছি আমি আউল বাউল 
দেহতত্ত্বের গোপন কথা,
অনুরাগের এতো পরব 
কিসের তরে মনের ব্যথা।

৬টি মন্তব্য:

Sarbani Das বলেছেন...

কৃতজ্ঞতা অশেষ 🙏🏻

নামহীন বলেছেন...

ভালো লাগলো

Sarbani Das বলেছেন...

ধন্যবাদ 🙏🏻

Hasina Khatun বলেছেন...

দেহতত্ত্বের এক অনন্য প্রকাশ। 'মনবাউলে কইছে শোনো, কায়া ভাঙা মিথ্যা মায়া'—অত্যন্ত সুন্দর একটি কথা। আপনার কবিতায় বাউল দর্শনের যে সুর পাওয়া গেল, তা সত্যিই প্রশংসনীয়।

Sarbani Das বলেছেন...

অসংখ্য ধন্যবাদ 🙏🏻

Sarbani Das বলেছেন...

অনুপ্রাণিত হলাম প্ৰিয় 🥰🙏🏻

অচেনা ঠিকানায় শেষ বিকেলের চিঠি

গল্পধারা বুধবার  🔰 বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদ ই-বুক বিভাগ কতৃক প্রকাশিত -  সাপ্তাহিক ধারাবাহিক গল্পের সংকলন  সম্পাদক - আকাশ আহমেদ প্রকাশঃ...

জনপ্রিয় পোস্ট