বাজাও তোমার অগ্নিবীণা
-ঝরনা দত্ত
রবীন্দ্র পরবর্তী কাব্যজগতে
তুমি বিদ্রোহী কবি নজরুল,
তোমার পরশে মানুষের মনে
মোহ ভেঙ্গে গেছে বিলকুল।
কাব্য ঘুরেছে ভাবের জগতে
চেতনার প্রতি পলে,
তুমিই এসে হে বিদ্রোহী
চেতনাকে গতি দিলে।
তোমার কাব্য পছেড়ে যারা
মন ও প্রাণ দিয়ে,
বুঝেছে তোমার অপার কীর্তি
জীবনের বিনিময়ে।
তোমার কাব্য মর্মের গাঁথা
গরিবের হাড় ও পাঁজর,
তাইতো বলেছো উদাত্ত কণ্ঠে
গরিবকে করো কদর।
গরিবের রক্ত চুষে খেয়ে যারা
কোটিপতি হতে চায়,
দৃঢ় কন্ঠে শুনিয়েছো তাদের
সৎ ভাবে চলার উপায়।
কুলি মজুরদের দেবতা জ্ঞানে
দিয়ে গেছো তুমি সম্মান,
কাব্যজগতে আজও তাই কেহ
নহে বিদ্রোহী তোমার সমান।
" বিষের বাঁশি" "ভাঙার গানে "
চেয়েছিলে জাগাতে চেতনা,
ব্রিটিশ সরকার ভয় পেয়ে তাই
তোমারে দিয়েছিল যাতনা।
"অগ্নিবীণা" লেখার জন্য যবে
গিয়েছিলে তুমি জেলে,
দেশের মানুষ বুঝেছিল সবাই
তুমি সত্যি বাংলার ছেলে।
" অগ্নিবীণা"র ভাবে ভীত হয়ে
করতে চেয়েছিল স্তব্ধ,
পারেনি করতে দৃঢ় কণ্ঠকে
মুহূর্তের তরে নিস্তব্ধ।
তোমার আহ্বানে তরুণ সমাজ
পেয়েছিল বাঁচার স্বাদ,
তোমারই মতোই চায়নি তারা
মানবতাহীন রাজপ্রাসাদ।
"অগ্নিবীণা"র হুংকারে সমাজে
দলিতরা পেয়েছে নিজের স্থান,
হে বিদ্রোহী ফিরে এসো তুমি
বাঁচাতে আবার দেশের সম্মান।
তোমার বীণা তোমাকেই মানায়
সে বীণা নিজে হাতে তুলে নাও,
ভারতের বুকে পুনর্জন্ম নিয়ে কবি
তোমার "অগ্নিবীণা" তুমি বাজাও।

৩টি মন্তব্য:
কাজী নজরুল ইসলামের বিপ্লবী চেতনা এবং শোষিত মানুষের পক্ষে তাঁর 'অগ্নিবীণা'র হুংকারকে পুনর্জাগরণের আকুল আহ্বানে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
চমৎকার লেখা পড়লাম 🙏🏻
চমৎকার লেখা পড়লাম 🙏🏻
একটি মন্তব্য পোস্ট করুন