রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

ও আমার ভারত মাতা (লেখিকা- সর্বানী দাস)

ও আমার ভারত মাতা
লেখিকা- সর্বানী দাস 

দ্বিধাবিভক্ত ভারতভূমির উপর দাঁড়িয়ে,
ভাতের লড়াই করতে করতে 
কঙ্কালসার চেহারাটাই ভারতমায়ের প্রতীক..
যে কৃষক বলদের মতো লাঙ্গল টানছে,
বুভুক্ষুর প্রতিনিধিত্বে সে ব্যারিকেট ভাঙতে চায়।

নটার সাইরেন থেমে গিয়েছে কবে,
তবু ধর্মঘটে বসে থাকতে থাকতে 
শ্রমিকের চোখে জ্বলে মশাল।

কাঁখে-কোলে-পেটে সন্তান নিয়ে জননী জন্মভূমি, 
ইঁটের বোঝা মাথায় গাইছে ভাতের গান।

দুবেলা দু মুঠো ভাত যোগান দিতে ঘর ছেড়েছিল যে শিক্ষিত ছেলে,
ঘরে ফেরার তাড়ায় লাশের পাণ্ডুলিপিতে প্রথমেই তাকে দেখি।
  
হে পূণ্য  জন্মভূমি, 
ও আমার ক্রন্দনরত ভারতমাতা!

তোমার তিরঙ্গা আঁচলে বিদেশী ভাষার কাঁটা,
ভেঙে দিয়েছে মাজা
কেড়ে নিয়েছে খিদে
তবুও তুমি থাকবে চুপ?
গাইবে না ভাতের গান?

জাতির মেরুদন্ড ভেঙে পঙ্গু করতে চেয়েছে খিদের লড়াইকে।

ভাষা নয় খিদে নয় -
বুটের আঘাতে প্রমাণ করে দিয়েছে 
ভাতের লড়াই লড়তে এলে হতে হবে রক্তের তাল।

যে ভাষা প্রশ্ন জাগায়
ভাতের গান গাইতে শেখায় 
সেই ভাষার জিহ্বার হাড় ভেঙে 
কৃষকের অন্ন কেড়েছে,
কেড়েছে গর্ভবতীর খিদে বিশ্রাম,
শ্রমিকের হকের মজুরি -

তবু আমরা বেঁচে আছি!
হতাশার সাগরে  এক পেট খিদে নিয়ে।

1 টি মন্তব্য:

Sarbani Das বলেছেন...

অশেষ ধন্যবাদ 🥰🙏🏻

জনপ্রিয় পোস্ট