"নারী জঙ্গলে ফেলিয়া রাখিবার নহে, নারী খেলা করিবার নহে, উপেক্ষা করাও যায় না"রবীন্দ্রনাথ ঠাকুর ( চোখের বালি)
প্রাক্ কথন-- প্রতিবছর ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। এটি শুধু একটি সাধারণউদযাপনের দিন নয়—এটি নারীর অধিকার, মর্যাদা, স্বাধীনতা ও সমতার স্বীকৃতির দিন।এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে মানবসভ্যতার অগ্রগতিতে নারীর অবদান অপরিসীম, অথচ ইতিহাসের বহু নারকীয় অধ্যায়ে তাঁরা বারে বারে চরম নিপীড়িত বঞ্চিত,, অবহেলিত ও বৈষম্যের শিকার হয়েছে।
নারী দিবসের সূচনা ও ইতিহাস
আন্তর্জাতিক নারী দিবসের সূচনা বিংশ শতাব্দীর গোড়ার দিকে। শিল্পবিপ্লবের সময় নারীরা শ্রমক্ষেত্রে প্রবেশ করলেও তাঁরা ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। এই অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ১৯০৮ সালে নিউইয়র্কে হাজার হাজার নারী শ্রমিক রাস্তায় নেমে আসেন। তাদের দাবি ছিল-- অতিরিক্ত শ্রমদানের সময় কমানো, ন্যায্য মজুরি এবং ভোটাধিকার।
পরবর্তীতে ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমাজতান্ত্রিক নারী সম্মেলনে জার্মান সমাজকর্মী Clara Zetkin আন্তর্জাতিক নারী দিবস পালনের প্রস্তাব দেন। সেই প্রস্তাব গৃহীত হওয়ার পর থেকেই ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে এই দিবস পালিত হতে শুরু করে। পরে United Nations ১৯৭৫ সালে আনুষ্ঠানিকভাবে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
সভ্যতার অগ্ৰগতিতে নারীর অবদান
মানবসভ্যতার প্রতিটি ক্ষেত্রে নারীর অবদান অনস্বীকার্য। পরিবার গঠন থেকে শুরু করে শিক্ষা সংস্কৃতি,বিজ্ঞান, সাহিত্য, রাজনীতি, শিল্প, ললিতকলা—সর্বত্র নারীরা তাদের প্রতিভা ও পরিশ্রম দিয়ে সমাজকে সমৃদ্ধ করেছেন।
বিজ্ঞান জগতে মেরি কুরি তার অসামান্য গবেষণার মাধ্যমে বিশ্বকে নতুন দিগন্ত দেখিয়েছেন। মানবতার সেবায় *মাদার টেরেসা হয়ে উঠেছেন সহমর্মিতা ও ভালোবাসার প্রতীক। দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও নারীরা শক্তিশালী নেতৃত্ব দিয়েছেন, যার উজ্জ্বল উদাহরণ ইন্দিরা গান্ধী।
এসব উদাহরণ প্রমাণ করে—সুযোগ ও সমান অধিকার পেলে নারীরা সমাজ ও সভ্যতার প্রতিটি স্তরে নিজেদের অনন্য প্রতিভার পরিচয় দিতে পারেন। পুরুষের থেকে প্রতিভায় তাঁরা কোনো অংশে কম নন। বরঞ্চ অনেক ক্ষেত্রে এগিয়ে।
বৈষম্যের বাস্তবতা
তবে আজও ভারত সহ বিশ্বের অনেক দেশের কোনো কোনো স্থানে কোনো কোনো সময়ে নারীকে ভোগ্য পণ্য হিসাবে ভাবা হয়।তাঁরা নানা ধরনের বৈষম্যের সম্মুখীন হন। শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেক সময় তারা পুরুষদের তুলনায় বঞ্চিত হয়ে থাকেন।লিঙ্গভিত্তিক সহিংসতা, বাল্যবিবাহ, বৈষম্যমূলক মজুরি—এসব সমস্যা এখনও বহু সমাজে বিদ্যমান। কিছু দিন আগেও সতীদাহ প্রথার মতো নারকীয় ঘটনার কথা শোনা গিয়েছিল। যদিও তার প্রামাণ্য সত্যি, মিথ্যা সম্পর্কে আমি সুনিশ্চিত নই। হয়তো মিথ্যা সংবাদ ও হতে পারে।
এই বাস্তবতা আমাদের মনে করিয়ে দেয় যে নারী দিবস কেবল ফুল, মিষ্টি ও শুভেচ্ছা বিনিময়ের দিন নয়; কিংবা বড় বড় বক্তৃতা দেওয়ার দিন নয়।এটি বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা তৈরির দিন, সমতার দাবিকে আরও জোরালো করার দিন।
নারী শক্তির জাগরণ
সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নারীরা নিজেদের অধিকার সম্পর্কে আরও সচেতন হয়ে উঠছেন। শিক্ষা ও প্রযুক্তির প্রসারের ফলে তারা সমাজের নেতৃত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আজকের নারী শুধু সংসারের অঙ্গনে আবদ্ধ নন; তিনি বিজ্ঞানী, শিক্ষক, উদ্যোক্তা, শিল্পী, রেল ও বিমান চালক ক্রীড়াবিদ এবং রাষ্ট্রনেতা।
এই জাগরণই প্রমাণ করে—নারী শক্তি যখন বিকশিত হয়, তখন একটি সমাজ আরও ন্যায়ভিত্তিক, মানবিক এবং উন্নত হয়ে ওঠে।
আমাদের করণীয়
নারীর মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে কেবল আইন প্রণয়নই যথেষ্ট নয়; প্রয়োজন ব্যক্তি ও সমাজের সামগ্ৰিক মানসিকতার পরিবর্তন। দরকার আর একটা নবজাগরণ। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি স্তরে নারী-পুরুষ সমতার মূল্যবোধ গড়ে তুলতে হবে।
আমাদের প্রত্যেকের দায়িত্ব
১) নারীর প্রতি সম্মান প্রদর্শন করা
২) পরিবার, সমাজ,শিক্ষা ও কর্মক্ষেত্রে সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করা
৩) লিঙ্গভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করা
৪) নারীর স্বাধীন মতামত ও সিদ্ধান্তকে মূল্য দেওয়া
৫) রাষ্ট্রীয় নীতি প্রনয়ণে নারীর মতামত ও অধিকার সুপ্রতিষ্টিত করা।
শেষ বক্তব্য
আন্তর্জাতিক নারী দিবস আমাদের মনে করিয়ে দেয়—নারী ও পুরুষ একসঙ্গে মিলেই মানবসভ্যতার পূর্ণতা। সমতা, সম্মান ও মানবিকতার ভিত্তিতে গড়ে ওঠা সমাজই হতে পারে প্রকৃত উন্নত সমাজ।
এই দিনে আমরা শুধু নারীদের শুভেচ্ছা জানাই না; আমরা প্রতিজ্ঞা করি—একটি এমন পৃথিবী গড়ে তুলব যেখানে প্রতিটি নারী নিরাপদ, সম্মানিত এবং স্বাধীনভাবে নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন।
নারী মানে শক্তি, নারী মানে সৃষ্টি, নারী মানে ভবিষ্যৎ। নারীর কাছে এ জগৎ ঋণী।তাই নারীকে সম্মান করা মানে সভ্যতার অগ্ৰগতির অনন্ত দুয়ার খুলে দেওয়া।

1 টি মন্তব্য:
❤️
একটি মন্তব্য পোস্ট করুন