সুখ বিলাস
- রতন চক্রবর্তী
আর কত ছোট হবে? আর কত
নিজেকে গুটিয়ে নেবে বিভ্রান্ত সুখের বলয়ে!
আত্মকেন্দ্রিক সীমানার গন্ডিতে একাকী জীবন।
ছোট হতে হতে একান্নবর্তী আজ পরমাণু পরিবার।
চার দেয়ালে বন্দি সুখী গৃহ কোণে
অসুখে দিন যাপন।
একের বেশি দুই নয়,
সম্ভোগে,সাশ্রয়ে বিলাসী জীবন।
একদিন, সেই একমাত্রও একাকী ফেলে
দূরে চলে যায় জীবন থেকে তোমার দেখানো পথে।
সকলেই আঁকে গন্ডি
আপন সুখের এক পরমাণু বৃত্ত ;
তারপর - কেউ নেই চার পাশে,
নিঃসীম শূন্যতা; সব সুখ হারিয়ে যায়।
সবাই যে যার মত ছোট হতে হতে একদিন -
বন্ধ ঘরে বাসি মরা তুমি সুখের বিছানায়।

1 টি মন্তব্য:
আধুনিক আত্মকেন্দ্রিক জীবনের নিঃসঙ্গতা ও সম্পর্কের ভাঙনকে অত্যন্ত তীক্ষ্ণ বাস্তবতায় তুলে ধরেছেন কবি।
“সুখ বিলাস” কবিতাটি বাহ্যিক সুখের আড়ালে লুকিয়ে থাকা শূন্যতার এক গভীর প্রতিবিম্ব।
একটি মন্তব্য পোস্ট করুন