নিঃসন্তান
- সালাম মালিতা
কেমন একটা দুশ্চিন্তায় আজ
নির্ঘুম সব দীর্ঘ রাত কাটে,
শত চেষ্টার পরেও
এক সেকেন্ডের জন্যও দুটি চোখের পাতা-
মেলাতে পারি না।
পেট ভর্তি খাবারের জন্য নয়
বরং আমার উত্তরসূরির বড্ড আকাল,
মৃত্যুর পর এই ছোট্ট ভিটায়
প্রদীপ জ্বালবে কে-
অসীম চিন্তা দিনরাত কুরে কুরে খায়!
সমাজ যে আমাকে কলঙ্কিত বলল
অপবাদ দিল..
সকল দোষের ভাগি করল-
আমার অপরাধ আসলে কী?
স্বামীর শারীরিক অক্ষমতায়
আমি আজ নিঃসন্তান,
অথচ সকল কুক্ষণের জন্য
আমাকেই দায়ী করা হল।
আমার চারিপাশের আত্মীয়-স্বজন
যাদের আমি পরিবার মনে করতাম,
তারাই আজ পাইথনের মতে বসে থেকে-
আমার শেষ সম্বলটুকু গিলতে চায়..!
শকুনের মত চোখ ঠিকরে আছে
কখন জানি দমটা বন্ধ হয়,
সুযোগ বুঝে বুকে বসেই
কলিজাটাকে খুবলে-ছিঁড়ে খাবে।
আমি তো বড় কোনো বাড়ি চাইনি
গোলাভরা ধান, মাছ ভর্তি পুকুর
অবারিত ফসলের ক্ষেত...
গোয়াল ভরা গরু-ছাগল-মহিষ..
এসব কিছুই আশা ছিলো না।
ছোট্ট একটা কুঁড়েঘর
ফুটফুটে বাচ্চা, চাঁদের হাট
ব্যাস! এইটুকুই দাবি ছিল।
অথচ বিনা অপরাধে
আমি আজ অভিশপ্ত ডাইনি,
অস্পৃশ্য, চোগলখোর, কালনাগিনী
সবশেষে নিঃসন্তান এক অভাগী...!

২টি মন্তব্য:
অপূর্ব কথায় অতুলনীয় আবেগের উদযাপন 🌹🥰
✍🏻কলম চলুক অবিরত 🌹🌹
একটি মন্তব্য পোস্ট করুন