ঘুরে দেখা বইমেলা ২০২৬
লেখক- মেঘদূত
আমি ৩০শে জানুয়ারি অনেক প্রথিতযশা সাহিত্যিকদের রচনা সম্বলিত তিনটি সংকলন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে কোলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২৬ এ উপস্থিত থাকার সৌভাগ্য প্রাপ্ত হয়েছিলাম। সারাদিন ও সন্ধ্যা কাটিয়েছিলাম বইমেলায়।
মনে হচ্ছিল, বইমেলার সুসজ্জিত প্রাঙ্গণটি যেন একটি সম্পূর্ণ আলাদা জগৎ! নতুন বইয়ের গন্ধে পরিবেশ ম ম করছে। দেশ বিদেশের প্রকাশনীগুলোর স্টলে স্টলে নতুন নতুন পুস্তকের সম্ভার। সাহিত্যিক ও পুস্তক প্রেমীদের ভিড়ে বইমেলার প্রাঙ্গণ ছিল জমজমাট। প্রিয় লেখক কবিদের ঘিরে পাঠক পাঠিকাদের সরাসরি সংলাপ ও অটোগ্রাফ সংগ্রহ, সেলফি তোলার উৎসুকতা ছিল চোখে পড়ার মতো।
তবে আজকাল স্মার্ট ফোন ও নেটওয়ার্কের আধুনিক প্রযুক্তির কারনে বই সংগ্রহের প্রবনতা যথেষ্ট কম পরিলক্ষিত হলো।
বই কেনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনোদন, খাবারের স্টলগুলোতে কিছুটা সময় কাটালাম, দীর্ঘ ব্যবধানে সহপাঠী, বন্ধুদের সঙ্গে ওই মনোরম পরিবেশে আড্ডায় বইমেলা পরিসর লাগছিল এক উৎসবের কেন্দ্র। বিশেষত সন্ধ্যায় চারদিকে আলোয় উদ্ভাসিত হয়ে বইমেলা ঠিক যেন এক স্বপ্নপুরীতে রূপান্তরিত হয়েছিল! অবর্ননীয়, অবিস্মরনীয়!
নতুন নতুন বইয়ের রকমারি আকর্ষণীয় প্রচ্ছদ দেখা,প্রিয় সাহিত্যিকদের খোঁজ করা, ভিড়ের মধ্যেও কিছুটা সময় হঠাৎই খুঁজে পাওয়া মন পছন্দের কোন বইয়ের জগতে কিছুটা সময় ডুবে থাকা, মনকে অপার আনন্দ ও তৃপ্তি দিয়েছিল। স্মরণীয় মুহুর্তগুলো মনে দাগ কেটে স্মৃতির ভাণ্ডারে সঞ্চিত থেকে গেছে।
জ্ঞান পিপাসুদের জন্য বইমেলা সত্যিই এক তীর্থস্থান।
নিঃসন্দেহে বই মেলাকে সাহিত্যিক ও সাহিত্যানুরাগীদের এক কথায় "মিলনমেলা" বলা যায়।
২টি মন্তব্য:
খুব সুন্দর
আদৃত হলাম। আন্তরিক ধন্যবাদ ও অন্তহীন শুভেচ্ছা জানাই।
একটি মন্তব্য পোস্ট করুন