সোমবার, ২ মার্চ, ২০২৬

খিদে - সর্বানী দাস

 


দুমুঠো ভাত কাপড়ে আমি ভীষণ সুখী,

শাড়ি গাড়ি গয়নায় আমি পরিপূর্ণ নারী-

চাইনিজ কন্টিনেন্টাল আর রঙিন আলোতে ঝলমলে যৌবন..

চোখে বাহারি চশমায় আর চড়া মেকাপের প্রলেপে মুগ্ধ রূপ,

তুমি বলো,আমি কেমন বদলে গেছি,

আমার চাওয়া -পাওয়ার অঙ্ক তোমার কাছে অস্পষ্ট-

আমায় নাকি প্রাচুর্যের লোভ গ্রাস করেছে।


আমার আমিকে আমি ছাড়া কেউ বুঝলো না আর-

আমার বুকে যে খিদে, 

আমার চোখে যে স্বপ্ন....

আমার যে পিরিতির অসুখ,,

আমার অধরের যে তৃষ্ণা--

না, তা বোঝানো আজ মূল্যহীন আমার -তোমার কাছে।


পোড়া মনে জীবন্ত লাশের সুসজ্জিত পটে,

শোকেস বন্দি মূরতি হয়ে বেশ ভালোই আছি আমি।

কণ্ঠে যে গান বেজে উঠতো,

 তা আকণ্ঠ বিষে চেপে ধরেছে-

যে অঙ্গুলিকা হিলনে চিত্র সেজে উঠতো আকাশের বুকে,

আজ বিষাক্ত ধোঁয়াশায় মুখ লুকিয়ে কাঁদছে অবিরত--


তুমি কি দেখতে পেয়েছো?

তুমি দেখতে চেয়েছ?

তুমি কি শুনেছ এই কাঙাল বুকের কান্না,

শুধু হাহাকার আর হাহাকার,  হাস্যময়ীর অট্টহাস্যে লাজুক মন মরেছে

মনের খিদে না মিটলেও 

তোমাদের চোখের খিদে মিটিয়ে

 আজ আমি --

সুখী,  সুখী। ভীষণ সুখী।।

1 টি মন্তব্য:

Sarbani Das বলেছেন...

আমার লেখা স্থান পাওয়ায় অশেষ কৃতজ্ঞতা 🙏🏻

জনপ্রিয় পোস্ট