![]() |
| রকিবুল ইসলাম |
কবিতা!কতদিন দেখিনি তোমায়!লিখিনি তোমায়!ঝরে যাওয়া পত্র পল্লব এখন বেঁচে উঠেছে নিশ্চয়!নিরব, নিথর, মৌন আবহাওয়ায় অথবা মন খারাপের মেঘলা দিনে লিখতাম তোমায় ওই ঝরা পাতার উপর।
জড় পদার্থ বেচারা শারীরিক ও মনো:কষ্টে কুঁকড়ে যেত আর দুমড়ে মুষড়ে ভেঙে পড়ত মর্মর ধ্বনিতে।
আমার কবিতা!তুমি তো আমার দু:খের উপাখ্যান।রক্ত মাংসের গড়া মানবী যেখানে ব্যর্থ আমার বেদনার ভার বইতে সেখানে শুকনো পাতার আর কি দোষ দিই বলতো?
কবিতা! ও কবিতা! ও আমার আত্মার আকুতি!সিদ্ধান্ত নিলাম শুকনো পাতার কষ্টের কারণ না হয়ে আমার মানস পটের ক্যানভাসে হৃদয়ের তুলিতে রক্তের কালি দিয়ে লিখব তোমায়।
কবিতা!আজ যখন বৃষ্টি নামল,দেখলাম: একগুচ্ছ শুভ্র মেঘের দল একসাথে জমাট বেঁধে ঘন গাঢ় হয়ে কালো বর্ণ ধারণ করেছে,কাঁদছে অঝোর ধারায় আর সংহতি জানাচ্ছে আমার সাথে।
কবিতা! ও আমার আত্মার ব্যাকুলতা! ও আমার হৃদয়ের ক্রন্দন!হারাতে দেব না কভু তোমায়,রেখে দেবো আমার অন্তরের অন্তঃস্থলে অথবা হৃদয় ভূমির মানস পটের অন্তরালে।পড়লে মনে পড়ব তোমায় প্রভাত সাঁঝে।
কবিতা!একদিন তোমায় ছুটি দিয়ে ভাসিয়ে দেব আশার পালকে মেঘের ভেলায়।পথ চলতে চলতে তখন তোমার যদি আমার তরে একটু মন খারাপের আবহ তৈরি হয়!
প্রবল অভিমান মেশানো কান্নার গীত গেয়ে রিমঝিম রবে বারি হয়ে নেমে এসো ধরায়!হিমশীতল সেই বর্ষা গায়ে মেখে জুড়াবে আমার তপ্ত বক্ষ,অতৃপ্ত আত্মা।
কবিতা!অতঃপর,হয়ত একদিন আমারও মিলবে ছুটি!আমিও তখন ওপারে গিয়ে মিলব তোমার সাথে।হয়ত তখন লেখা হবে না নতুন কোন দুঃখের কবিতা।সুখের সাগরে ভেসে যেতে যেতে লিখব মোরা শুধুই সুখের কবিতা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন