রবিবার, ২৯ মার্চ, ২০২৬

জীবন রঙ্গমঞ্চ... (কবিতা) ✑ মেফ্তাহুল জান্নাত

  

মেফ্তাহুল জান্নাত



একটা থিয়েটার মঞ্চ; আলোহীন। 
এবং ভীষণ পারদর্শী অগণিত তার সবকটি শিল্পী
তাদের স্ক্রিপ্ট ভুলে যাবার কোনও ভয় নেই,
কোনও ডিরেক্টর উচ্চবাচ্য করেনা এখানে।
সময়ের পালাক্রমে যায় আসে দর্শনধারী, 
কেউবা হয়ে ফেরে নির্বাক শ্রোতা 
বাকিরা তখন দক্ষ এবং সুক্ষ্ম অভিনেতা।
শোনো, এখানে মিথ্যের ঠাঁই নেই ঠিকই
চাঁদের হাট নয় বরং অন্ধের মতো এসব যাত্রা
অভিনয়টা ভীষণ সত্য,
আনন্দ এখানে মেকি।
অভিনয় চলে, বেলা গড়ায়, বেলা ফুরায়
নাম হয়না, হয়না কোনও সুখ্যাতি; 
হয় শুধু গল্প। 
হয় শুধু রঙ্গ।
এক গল্পের পরে আরেক গল্পের শুরু
নতুন বইয়ে নতুন অধ্যায়ের তাড়াহুড়ো 
সব লেখা থাকে, সব ঝড় বয়ে যায়
সময়ে সময়ে যার যার!
এ জীবন মঞ্চের উত্থানপতনে
কার এখানে কতটুকু হার
এ যুদ্ধের দুয়ারে সহস্র প্রহরী পাহারায়
মুখ হাসি হাসি, ভেতরে ছারখার 
তবু অভিনয়, তবু অভিনয়
দুরদর্শিতার অবক্ষয়
না যেন হয়, না যেন হয়....
এ জীবনের রঙ্গমঞ্চে ক্লান্ত পথিক জানো
ঘর হারায়, পথ হারায়; পথের যাত্রি মানো
জীবন ফুরোলে পরে শেষ হয় সব খেলা
ফুরোয় দর্শনধারী
জীবন রঙ্গমেলা।।

কোন মন্তব্য নেই:

হায় রে নারী... (কবিতা) - সুবর্ণা দাশ

  সুবর্ণা দাশ তুমি নারী,  প্রকৃতির মতো শান্ত।  নির্লিপ্ত, প্রাণবন্ত, চঞ্চল,  প্রবাহমান নদীর মতো স্রোতস্বিনী।  তোমাতে বপন হয় এই পৃথিবী,  তোম...

জনপ্রিয় পোস্ট