বুধবার, ২৫ মার্চ, ২০২৬

চাঁদের সেলাই করা উৎসব (কবিতা) - রেজাউল করীম

           রেজাউল করীম



ঈদ মুবারাক -
আজ আকাশ যেন নতুন পাঞ্জাবি পরে,
তারার বোতামগুলো ঝলমল করে ওঠে অজস্র নিঃশব্দে।

চাঁদটা- একটু লাজুক দর্জি,
সারারাত অন্ধকারের ছেঁড়া কাপড় সেলাই করে,
ভোর হলে মানুষের মুখে পরিয়ে দেয় আলো-জামা।

আমার ভেতরেও আজ এক নামাজের মাদুর বিছানো -
সেখানে দুঃখগুলো সিজদায় পড়ে আছে,
ক্ষমার হাত দুটো বাতাসের মতো নরম হয়ে যায়।

তুমি দূরে থেকেও -
আজ কেমন কাছে,
যেন সেমাইয়ের গন্ধে মিশে আছে তোমার অদৃশ্য হাত।

এই উৎসব -
কোনো ক্যালেন্ডারের তারিখ নয়,
এ এক নরম শব্দ,
যা বুকের ভেতর আলগোছে ডেকে বলে -
“ভালোবাসো, আরও একটু ভালোবাসো।”

ঈদ মুবারাক -
আজ পৃথিবীটা
একটা মিষ্টি শিশুর মতো
হেসে ওঠে সবার ঘরে।

২টি মন্তব্য:

MD munnaf Sheikh বলেছেন...

অসাধারণ! 'চাঁদটা এক লাজুক দর্জি'—এমন চমৎকার উপমা মন ছুঁয়ে গেল। ঈদের আনন্দ আর ভেতরের পবিত্রতাকে কী ভীষণ সুন্দর শব্দে বুনেছেন! আপনার কলমে ঈদ যেন এক অন্যরকম পূর্ণতা পেল।

Sarbani Das বলেছেন...

অপূর্ব লিখেছেন

স্বাধীনতা! আমার স্বাধীনতা! ... (কবিতা) - রকিবুল ইসলাম

রকিবুল ইসলাম স্বাধীনতা!আমার স্বাধীনতা! দিয়েছ তুমি স্বাধীন ভূখণ্ড, দিয়েছ স্বতন্ত্র ভাবে বাঁচার অধিকার। স্বাধীনতা!আমার স্বাধীনতা! উড়িয়েছ ত...

জনপ্রিয় পোস্ট