![]() |
| রেজাউল করীম |
ঈদ মুবারাক -
আজ আকাশ যেন নতুন পাঞ্জাবি পরে,
তারার বোতামগুলো ঝলমল করে ওঠে অজস্র নিঃশব্দে।
চাঁদটা- একটু লাজুক দর্জি,
সারারাত অন্ধকারের ছেঁড়া কাপড় সেলাই করে,
ভোর হলে মানুষের মুখে পরিয়ে দেয় আলো-জামা।
আমার ভেতরেও আজ এক নামাজের মাদুর বিছানো -
সেখানে দুঃখগুলো সিজদায় পড়ে আছে,
ক্ষমার হাত দুটো বাতাসের মতো নরম হয়ে যায়।
তুমি দূরে থেকেও -
আজ কেমন কাছে,
যেন সেমাইয়ের গন্ধে মিশে আছে তোমার অদৃশ্য হাত।
এই উৎসব -
কোনো ক্যালেন্ডারের তারিখ নয়,
এ এক নরম শব্দ,
যা বুকের ভেতর আলগোছে ডেকে বলে -
“ভালোবাসো, আরও একটু ভালোবাসো।”
ঈদ মুবারাক -
আজ পৃথিবীটা
একটা মিষ্টি শিশুর মতো
হেসে ওঠে সবার ঘরে।

২টি মন্তব্য:
অসাধারণ! 'চাঁদটা এক লাজুক দর্জি'—এমন চমৎকার উপমা মন ছুঁয়ে গেল। ঈদের আনন্দ আর ভেতরের পবিত্রতাকে কী ভীষণ সুন্দর শব্দে বুনেছেন! আপনার কলমে ঈদ যেন এক অন্যরকম পূর্ণতা পেল।
অপূর্ব লিখেছেন
একটি মন্তব্য পোস্ট করুন