রবিবার, ১০ মে, ২০২৬

ধর্ষিতা... - সালাম মালিতা


 

আমাকে আজ তোমরা ধর্ষিতা বল
প্রতিটা পদে পদে অবজ্ঞা কর,
তুচ্ছতাচ্ছিল্য করে-
কলঙ্কিত উপাধিও দাও,
আমি কী সত্যিই দোষী?

আমি তো তোমাদের কাছে 
বেশি কিছুই চায়নি, 
শুধু একটু স্বাধীনতা 
আর একটু শিক্ষার অধিকার 
এটাই কি আমার দোষ? 

নরখাদকদের লালসার শিকার হয়ে 
এই বারো-তেরো বছরেই-
সতিত্ব নষ্ট হল,
যোনি দিয়ে রক্তপাত 
আর ছিন্নভিন্ন পোশাকে 
শকুনে খাওয়া গবাদি পশুর মত-
আধুনিক সভ্যতার ভাগাড়ে!

আমার জন্য যে মেয়েদের 
রাস্তায় নেমে প্রতিবাদ করার কথা,
তারাই আজ ভ্রু কুঁচকে বলে-
' ছিঃ ছিঃ! 
 দ্যাখ দ্যাখ ধর্ষিতা যাচ্ছে! '
অথচ তার বাড়িতে
নয়তো পাশের বাড়িতে 
নিত্যদিন কেউ না কেউ 
স্বেচ্ছায় ধর্ষিতা হচ্ছে, 
শুধু প্রকাশের অভাবে 
তারা নিষ্পাপ হলেও-
অবলা হওয়ার দরুন 
আমিই ধর্ষিতা! 

ডিগ্রিধারী আধুনিক উলঙ্গ সমাজে
ইজ্জত ঘন্টা-মিনিটে বিক্রি হয়,
অথচ বিবাহের ক্ষেত্রে 
সবাই ভার্জিন মেয়ে খোঁজে। 
অঘোষিত বলে
পার্ক, লজ, স্কুল, অফিস
এমনকি আবাদি জমিতে
সদাই ধর্ষণ হচ্ছে-
অথচ তারাই নাকি সব ভার্জিন!
আর অসহায়ত্বের জন্য 
আমিই শুধু...
সমাজে ধর্ষিতার তকমা পেলাম।

নারীদের স্বাধীনতা ক্ষুন্ন করে 
এই সমাজ কী ধর্ষক নয়?
অন্যের মা-বোনের ইজ্জত নষ্ট দেখে
স্বাভাবিক মানুষের বিবেক জাগে না
বলো তার বিবেক কী ধর্ষক নয়?
আইনের দ্বারস্থ হয়েও
টাকার অভাবে
ন্যায়বিচার মেলে না,
তাহলে সেই আইন কী ধর্ষক নয়?
অসাম্যের এই সমাজ, দেশ, জাতি
পুরো বিশ্ব আজ ধর্ষক,
অথচ নিষ্পাপ এই আমি
হায়েনার কবলে পড়ে-
স্বঘোষিত অস্পৃশ্য ধর্ষিতা।
সমাজের সকল অশুভর জন্য 
এই আমার মত যারা ধর্ষিতা-
সবকিছুর জন্যই নাকি
শুধু আমাদেরই দোষ...!

সালাম মালিতা


কোন মন্তব্য নেই:

মা... - সালাম মালিতা

" মা " শুধু একটি শব্দ নয় বরং আত্মত্যাগের নিখাঁদ উৎস,  যে দশমাস দশদিন কষ্ট সহ্য করে  নিজের জীবনের বিনিময়েও- সৃষ্টিকর্তার কাছে সন্তা...

জনপ্রিয় পোস্ট