নিজের পিঠ বাঁচাতে
অকপটে বলতেই পারি
আমি সাম্প্রদায়িক,
এটা আমার নিজের বানানো
নিজেকে মানুষ বলা বিপজ্জনক
মানুষের চামড়া আছে
দেহ আছে,
অস্থি কঙ্কালও আছে
কিন্তু মনুষ্যত্ব নেই
আমি সাম্প্রদায়িক।
আমি সাম্প্রদায়িক
সকালে উঠেই নিজেকে বলি
ভাগ করতে হবে
নষ্ট করতে হবে
সুস্থ মানবতা অ - সুখ
হিংসা ছড়িয়ে
স্বার্থচরিতার্থ করে
অপবাদ দিতে পারলেই
আমি সাম্প্রদায়িক।
এই পৃথিবী সত্য চায়
মিথ্যের বুনিয়াদ
টিকে থাকে কি?
এ পৃথিবী অন্যায়
মেনে নেবে না,
আমি সাম্প্রদায়িক।
আমি সাম্প্রদায়িক
কবিতায় লিখি-
ভাতের খিদে
রাস্তার মোড়ে
বাচ্চা ভাত চাইছে
খিদে দাঁড়িয়ে চৌরাস্তায়
আমি খুঁজি ধর্ম
দেখি জাত
চোখ ফেরাই ঘৃণায়
জরাজীর্ণ শরীর
ছেঁড়া জামা
বস্ত্রহীন বক্ষে মা
শুষ্ক স্তনে শিশুর কামড়
শিশুর খিদে তেষ্টা
মায়ের চোখে নীরব ধারা
আমি চোখ ফেরাই
এই ভদ্র সমাজ শেখায়
আগে পরিচয়
তারপরে সহানুভূতি
আমি সাম্প্রদায়িক।
ভোটের লাইন
জলের লাইন
চাকরি লাইন
লাইন আর লাইন
সব লাইনেই
খিদে লেখা
একই খিদে
অপেক্ষার স্ট্যাম্প -
তবু পার্থক্য শেখায়
আমরা আর ওরা
কুঁড়েঘর আর আস্তাকুঁড়
ওরা আলাদা
আমার মাটির ভাঁড়
ওদের মাটির উনুন
আমি সাম্প্রদায়িক।
রাত বাড়ে
ফুটপাতের গালিচায়
ওদের ফুলশয্যা
আর মখমলি চাদরে
আমার নির্ঘুম রাত
ওদের বৃষ্টি
পলিথিন ওড়ার আতঙ্ক
আমার নেশা গজল
কান চেপে ধরলেই
শব্দ থেমে যায় না
গেঁথে দেওয়া বিভেদ
মিথ্যে বুক বন্দরে
গালভরা বুলি
আমি সাম্প্রদায়িক।
ভাঙাচোরা টিনের বেড
পানের পিকে দেওয়াল
অমলিন সাদা চাদর
ডাক্তার এগিয়ে আসে
জিজ্ঞাসা করে নাম
দুধ ফল লেবু নিয়ে
স্বেচ্ছাসেবী দাঁড়িয়ে
আমি চেয়ে দেখি
কারণ,
আমি সাম্প্রদায়িক।
চোখের সামনে দেখি
কেউ হাসে
কেউবা কাঁদে
কারোর আইটেম সঙ
কেউ রাস্তায় আইটেম
টিভি খুলি
নিখোঁজের তালিকা
নগ্ন দেহ রাস্তার পাশে
তু চিজ বাড়ি হ্যায় মস্ত মস্ত
আমি পাশ কাটিয়ে যাই
আমি সাম্প্রদায়িক।
থরে থরে সাজানো
বেদ উপনিষদ গীতা
বাইবেল কোরান
চেয়ে আছে ফ্যালফ্যাল
আমার ভেতরের আমি
ভেঙে পড়ি মুহূর্তে
রাউল পিন্ডি এক্সপ্রেস
দৌড়াচ্ছে বল নিয়ে
হাতের তালুতে বলের জাদু
কোথায় ধর্ম
কে রাখে পর্দা
গোলাম আলী
রবিশঙ্কর
এ আর রহমান
লতা মঙ্গেস্কর
এ পি জে আব্দুল কালাম
মানচিত্র খুঁজি
কোনটা আমার
এটা না ওটা
দাগ টানতে যাই
পেন্সিল বিট্রে করে
ভেঙে যায় অহংকার।
খিদে তাকিয়ে
রক্ত বাড়িয়েছে হাত
মৃত্যু হাসছে
কেউ উত্তর দেয় নি
শিশুর হাসি
শুনলাম
আমার মিথ্যে বর্ম
আমি সাম্প্রদায়িক
ছেড়ে, ছুঁড়ে ফেললাম
লিখলাম
নিরাপত্তা
ঘুরে দাঁড়ানোর গল্প
রিক্ত হলাম
নিঃস্ব হলাম
উন্মুক্ত হলাম
আজ আমি
মানুষ হলাম।
![]() |
| সর্বানী দাস |

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন