শুক্রবার, ২২ মে, ২০২৬

কবিতার আত্মা... - সর্বানী দাস

লেখিকা - সর্বানী দাস

 
কবিতার আত্মা 
- সর্বানী দাস 

ধোঁয়ার ভিতর অসংখ্য দরজা 
দরজার ভিতর অসংখ্য কুটির 
কুটিরের ভিতর ভীষণ কোলাহল 
অসমাপ্ত অক্ষর কোলাহলে মুখোমুখি 
কেউ ভীষণ কাঁদছে 
অতিরিক্ত বিষাদ 
কেউ বা অট্টহাসিতে লুটোপুটি 
শব্দের দুন্দুভি কাঁধে।
আমি ঘরের ভিতর 
ঘর আমার অন্তর 
অসংখ্য মৃত ভাষাপাখি 
শিশুর কান্না - গর্ভপাত 
আয়নায় জংধরা আমি 
আমার ভিতর কবিতা 
জিভের ডগায় অস্বস্তিকর সত্য 
প্রতিবাদের তাচ্ছিল্ল করা বিদ্রুপ 
মানবিকতার মেয়াদ উত্তীর্ণ 
অসমাপ্ত প্ৰেম ফোস্কা নিয়ে জিজ্ঞাসায় 
একাকিত্ব হেরেছে যুক্তির কাছে 
নিজের ছায়া আর ভাষার মায়ায় 
ডুকরে কাঁদে আমার আত্মা।
আমি কে?
আমি কি অচেনা আদালত 
নিঃশব্দ অন্ধা কানুন 
ঘরে দমবন্ধ বাতাস 
আত্মা ডুবন্ত সিঁড়িতে 
আমি মরীচিকায় বিভ্রান্ত চতুর শব্দে 
পুড়ছে কবিতার লাশ 
কালো ধোঁয়ায় শেষ নিঃস্বাস -
ধ্বংসের পথে শান্তি 
ওই, ওই নীল জোনাকি 
একটুকরো আশা।
আমি লিখতে চাই 
আমিও স্বপ্ন বুনতে চাই ছন্দে 
খুলে যায় নামহীন করিডর 
আমি ধীরে ধীরে বেরিয়ে আসি 
ঘর থেকে আলোর পথে 
ঘুম ভেঙে দেখি 
অচেনা ক্লান্তি আর নেই আয়নায় 
আমি কবিতায় বেঁচে উঠি 
নবজন্ম আমার ভিতরে অন্তরে।

1 টি মন্তব্য:

সালাম মালিতা বলেছেন...

হৃদয়স্পর্শী লেখনী উপহার দিলেন।

ভালোবাসাহীন হৃদয়ের দিনলিপি (চতুর্থ পর্ব)

ভালোবাসাহীন হৃদয়ের দিনলিপি লেখক - আকাশ আহমেদ চতুর্থ পর্ব:  নীরবতার কান্না রাত যত গভীর হয়, মানুষের ভেতরের সত্যগুলো তত স্পষ্ট হয়ে ওঠে। দিনের ব...

জনপ্রিয় পোস্ট