শুক্রবার, ২২ মে, ২০২৬

আমার চোখে নজরুল... - নন্দিতা গাঙ্গুলী

 
লেখিকা - নন্দিতা গাঙ্গুলী



আমার চোখে নজরুল  
- নন্দিতা গাঙ্গুলী

আমার চোখে নজরুল মানে শিকল ভাঙার গান,  
রক্তে লেখা দ্রোহের অক্ষর, বুকে বিদ্রোহী প্রাণ।  
তিনি শুধু কবি নন, তিনি ঝড়, তিনি প্রলয়-নাচন,  
আঁধার রাতের বুক চিরে আনা নতুন দিনের প্লাবন।  

আমার চোখে নজরুল মানে ধূলির ধূসর মাঠে  
একলা এক ফুল হয়ে ফোটা, কাঁটার সাথে হেঁটে।  
যে ফুলের গন্ধে ঘুম ভাঙে কুলি-মজুরের,  
যে সুরে জেগে ওঠে হার না মানা মন জমিদারের।  

তাঁর কলমে আগুন জ্বলে, আবার জোছনাও ঝরে,  
‘বিদ্রোহী’তে বাজ পড়ে, ‘বুলবুল’ এসে ঘর করে।  
এক হাতে তাঁর বিষের বাঁশি, অন্য হাতে প্রেমের,  
মসজিদের ওই আজান আর মন্দিরের ঘণ্টা যেন একের।  

আমার চোখে নজরুল মানে না-মানা পাখির ডানা,  
শাসন-ত্রাসন ভেঙে যার আকাশ ছোঁয়ার মানা।  
দারিদ্র্যকে বুকে টেনে বলা, “আমি কবি, আমি রাজা”,  
ভাতের থালায় কান্না লুকিয়ে লেখা “চল্ চল্ চল্” সাজা।  

তিনি প্রেমিক, তিনি দরবেশ, তিনি সৈনিক, তিনি গাজী,  
শ্যামা-সংগীতের সুরে কাঁদেন, গজলে হাসেন কাজী।  
হিন্দু-মুসলিম দুই চোখে তাঁর একই মায়ের ছবি,  
মানুষের চেয়ে বড় কিছু নাই, এই ছিল তাঁর হবি।  

আজও যখন নিয়মের দেয়াল চাপা দেয় নিঃশ্বাস,  
যখন ধর্মের নামে চলে বিভেদের চাষ,  
আমার চোখে নজরুল এসে কানে কানে বলেন,  
“মাথা উঁচু করে বাঁচ রে, তুই কারো দাস নোস”।  

তিনি মরেননি, তিনি আছেন মিছিলের ওই ভিড়ে,  
আছেন প্রতিবাদী স্লোগানে, আছেন প্রেমের নীড়ে।  
আমার চোখে নজরুল মানে হার না মানা এক আশা,  
শিকল পরা এই পৃথিবীর মুক্তির ভালোবাসা।  

আমার চোখে নজরুল মানে দ্রোহ আর প্রেমের একসাথে বাস। 
তিনি শুধু কবি নন, আমার সাহস।

২টি মন্তব্য:

Sarbani Das বলেছেন...

নজরুলকে শুধু কবি হিসেবে নয়, এক জীবন্ত চেতনা হিসেবে দেখার যে দৃষ্টিভঙ্গি এখানে ফুটে উঠেছে, তা সত্যিই মুগ্ধ করল।
প্রতিটি চরণে বিদ্রোহ, প্রেম, সাম্য আর মানবতার এক অপূর্ব মেলবন্ধন আছে। বিশেষ করে —
“এক হাতে তাঁর বিষের বাঁশি, অন্য হাতে প্রেমের”
লাইনটি গভীরভাবে নাড়া দিল।
এই লেখায় নজরুল যেন ইতিহাসের পাতা থেকে উঠে এসে আজকের সময়ের মাঝেও শ্বাস নিচ্ছেন। ভাষা শক্তিশালী, আবেগ আন্তরিক, আর ভাবনা অত্যন্ত পরিণত।
শ্রদ্ধা ও ভালোবাসা রইল লেখনীর প্রতি।

মারিয়াম রামলা বলেছেন...
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

সভ্যতার যোনি চেরা চিৎকার... - সর্বানী দাস

সর্বানী দাস  সভ্যতার যোনি চেরা চিৎকার - সর্বানী দাস  লাশ হয়ে যাইনি এখনো মা'গো,  আমি এখনো ছটফট করছি ব্যথায়- ভাঙা হাড়ের টুকরোগুলো  বিঁধছে ...

জনপ্রিয় পোস্ট