বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

মা যখন লাশ - সালাম মালিতা

সালাম মালিতা 

মা যখন লাশ 
- সালাম মালিতা 

শরীর জুড়ে ভীষণ দুর্গন্ধ 
পচা-গলা মাংসপেশিগুলো খুলে খুলে পড়ছে,
ঈদের আনন্দে পুরো দেশ যখন 
সেমাই-পায়েস, মাংস-পোলাও খেতে ব্যস্ত-
মাছি,পিঁপড়ে,আরশোলা, মাইটেরা তখন
মহাতাণ্ডব চালিয়ে আমার শরীর দখল নিয়েছে।
মানুষের ঘরে ঘরে যখন
আতর-পারফিউমের সুগন্ধে ম-ম করছে,
তখন আমার ঘরটা লাশ পঁচার বিটকেল গন্ধে
নাসারন্ধ্রকে উত্যক্ত করতে শুরু করেছে।

দশমাস উদরে সযত্নে রেখে
যে সন্তানদের লালন-পালন করলাম, 
তাদের উচ্চ শিক্ষার কাছে 
আমার সেই প্রাচীন মমত্ব বড্ড অসহায়। 
শিক্ষক, প্রফেসর, প্রবাসী 
নামকরা মানুষ হলেও শিকড় ভুলে গেলো ,  
ইয়াব্বড় বড় ডিগ্রি আর নামি-দামি কোর্ট-প্যান্ট 
তারা সব মেকি জেন্টলম্যান...!

জীবনের পঁচাত্তরটা বসন্ত কেটেছে
সন্তানদের নিয়ে একটু সুখের আশায়, 
সন্তানেরা বড় হল, বড় চাকরি পেল
অনেক অর্থ উপার্জন করল-
কিন্তু এক টুকরো সুখ আর মাকে দিতে পারলো কই...!
ঘরের ব্যয়বহুল আসবাবপত্রের মাঝে 
মৃতপ্রায় বুড়িটাই ছিল সর্বনিম্ন পণ্য, 
তাই গৃহবন্দি করে জীবনের অন্তিম মুহুর্ত কাটল
নির্জলা হয়ে। 
জল পিপাসায় বুকের পাঁজর 
দুমড়ে-মুচড়ে গেলেও 
আর্তনাদ শোনার মত কেউ ছিল না,
তথাকথিত শিক্ষিত সভ্যতার ভাগাড়ে
কুসন্তান শকুনেরা শেষ বয়সে আর খুবলে ছিঁড়ে খেল!

সন্তানের জন্য সকল খুশির জলাঞ্জলি দিয়ে 
সকল চাওয়ার বলিদান দিয়ে..
আবেগ-অনুভূতি সব বিসর্জন দিয়ে...
তাহলে এই ছিল আমার কপালে..! 
পৃথিবীর আবাদকারী একজন মায়ের ভালে
সৃষ্টিকর্তা এই বিধান লিখেছিলেন..? 

যমদূতের অনাগ্রহ সত্ত্বেও 
পৃথিবীর বুকে সন্তানরূপী যমদূতরা-
টেনে-হিঁচড়ে দমটা বার করে নিল,
এই তাদের শিক্ষিত বিবেক...!
এই তাদের আধুনিকতা...!
এই তাদের সভ্যতা...!
এই তারা আধুনিক মানুষ..? 

যে মায়ের পায়ের নিচে সৃষ্টিকর্তা 
এক টুকরো স্বর্গ রেখেছেন, 
হায়! সেই মায়ের শেষ পরিণতি হল এতটাই নির্মম...!
নিজের পুরো জীবনটা সন্তানের জন্য উৎসর্গ করেও
নিজের দুধের ঋণ পরিশোধে-
রক্তমাখা কলিজা খেয় নিল ঐ নরখাদকেরা-
আর জনমদুখিনী মা হল এক লাশ....!!

২টি মন্তব্য:

Sarbani Das বলেছেন...

"যে মায়ের পায়ের নিচে সৃষ্টিকর্তা
এক টুকরো স্বর্গ রেখেছেন,
হায়! সেই মায়ের শেষ পরিণতি হল এতটাই নির্মম...!"

কবির এই লাইনটি আমাদের রূঢ় বাস্তবে মুখোমুখি দাঁড় করায়। কোন উলঙ্গ ভদ্র সমাজের বিবেক এরা?
অনেক প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে কবি শব্দ ঘটে যাওয়া একটি ঘটনা নিন্দা করেছেন তার কলমে।
আসলে প্রবঞ্চনা আমরা কার সাথে করছি?
নিজেদের কবর আমরা নিজেরাই খুঁজছি এইভাবে।

উপলব্ধি জানালাম কমেন্টস করার মত ক্ষমতা নেই 🙏🏻।

সালাম মালিতা বলেছেন...

অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শুভকামনা সতত।🌹🌹

মা যখন লাশ - সালাম মালিতা

সালাম মালিতা  মা যখন লাশ  - সালাম মালিতা  শরীর জুড়ে ভীষণ দুর্গন্ধ  পচা-গলা মাংসপেশিগুলো খুলে খুলে পড়ছে, ঈদের আনন্দে পুরো দেশ যখন  সেমাই-পায়ে...

জনপ্রিয় পোস্ট