ভেঙো না মেঘ !
- মেফ্তাহুল জান্নাত
তোমায় আমি ভাঙতে চাইনা মেঘ!
জানি এমন বাঁধন জুড়ে, দু’খানা মন আটকে পড়ে—
আমিই তোমায় মুক্ত করার করেছিলাম পণ?
সেই কথাতে রাত পোহালো, আবেগ নদী কুল হারালো;
মেঘ-বৃষ্টির এবার পালা ভীষণ বিসর্জন!
তাই তো ভয়, এ সংশয়– ভীষণতর কষ্ট হয়!
তোমার বুকে বিঁধবে কী-না আমার ভুলের ক্ষয়?
আমার বুকের ব্যথায় এখন কীসের অবক্ষয়!
মেঘ— যেও না দূরে, মেঘ? বৃষ্টি এমনই হয়?
ওই যে জল ঝর্ণা হতে, যায় যে ঝরে মুক্ত হতেই
দেখায় অমন অক্লেশে সে;
আনন্দতেই বয়—
তাও কি বলো পাহাড়-ছোঁড়া’র;
এই বেগতিক অশ্রুধারার— হয়েছে অপচয়?
হয়তো প্রেম এমনই অন্ধ,
হয়তো রাতের জীবন কারাবন্ধ!
তাও তো হাতের কড়ায় গোনা অগণন স্বপ্ন বয়?
জানি হঠাৎ প্রস্থান ভয়, আছে যে তা–নিঃসংশয়!
মুষড়ে পড়বে হাজার স্মৃতির দালান-কোঠার দেহ,
ভিত্তি গড়া এসব রাত, আগ্নেয়গিরি ও শীতকাল!
অনিঃসীম প্রলয়!
প্রলয়… প্রলয়…
তোমায় আমি ভাঙতে চাইনা মেঘ, চাইনি জানো!
তবুও এমন কাছে টেনে, বৃষ্টি মেঘের রাগভাঙানো,
বিষাদ ও প্রেম গাল মেলালো— দুঃখমনে স্বপ্ন এলো,
এইযে এমন সুতোয় বাঁধা,
শাড়িতে– আঁচলে অনেক কথা— হারায় বেখবর!
বৈরাগ্যতার অনেক ব্যথা—- প্রেমও স্বার্থপর?
দুঃখ জেনেই ভালোবাসে, মেঘ-বৃষ্টি অবিনাশে,
কষ্টগুলো মেঘলা রাতের ঝড়ের মতো ওই আকাশে…
ছেঁড়া ফুলের গন্ধ মাখা, চাঁদের রাতের আলোকপাতে
ভুলিয়ে মারে সকল ভয়, যুক্তিরা সব হারিয়ে লয়—
বোকাপ্রেমে বোকা সাজে কবিতারই ছন্দতে!
তোমার ভাঙন, আমার মরণ–মৃত্যু আনে এসব স্মরণ!
রক্তক্ষরণ, অন্তীমতা— বুকে বিঁধে বিদায়কাঁটা।
কষ্ট তোমার মুছে দিতেই তটস্থ খুব হই…
তাও যদি ওই শমন আসে, এই ব্যপ্তির বলয় নাশে?
তখন আমার শুনবে বারণ? করবে জীবন অনুসরণ?
জীবন কেনও এমনতর?
ভাগ্যবিধির ভয়ের চাদর, জোড়াতালির সুতোয় আদর?
আসে আবার ভয় ও ভাঙ্গন, খণ্ডবিখণ্ডন…
তবুও এসো কোলটি ঘেঁষে, এই আবহ ভালোবাসে;
কাছে এসে— কাছে এসে—
জুড়াও ততক্ষণ।
ভাঙন তোমার আসলে পরে, মুদবো নয়ন দূরে সরে,
তোমার ভাঙন ভয়ের তোড়ে, এই জানলা আছড়ে পড়ে!
ভুলের মাশুল না-কী সুখের? ভয়ের নাকি এই অসুখের?
কীসের মাশুল তোমায় ডাকে? মৃত্যু আপোষের?
তোমায় আমি ভাঙতে চাইনা আজও,
তুমি বাঁচো.. তুমি বাঁচো… শুধুই বাঁচো!!
জীবনে বাঁচো, প্রেমে বাঁচো
আঁচে বাঁচো, ওমে বাঁচো, সকল ভুলে আবার বাঁচো..
আছি কাছে। আছি আজও।
ভেঙোনা মেঘ, ভাঙনে বড় ভয়।
💢-----------------------------💢
![]() |
| মেফ্তাহুল জান্নাত |


২টি মন্তব্য:
প্রেমের বিচ্ছেদ ও ভাঙনের তীব্র আকুলতা আর প্রিয়জনকে আগলে রাখার এক চরম আর্তি ফুটে উঠেছে এই কবিতায়।
অজস্র ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি🥰🙏🌹🌿
একটি মন্তব্য পোস্ট করুন