কালো দুধের দেশ
- সালাম মালিতা
কেমন একটা উল্টো রাজার দেশে
উল্টো দিকে মুখ করে হেঁটে চলেছি,
না না-নাক,কান, মুখ সবই আছে
কিন্তু সবগুলোই উল্টো।
আর বিবেকের কথা বলছেন
সে-তো বহু আগেই মারা গিয়েছে-
এতদিনে সেটা ফসিল।
দামি দামি শার্ট-প্যান্ট, কোট পরি
সাথে লম্বা টাই ঝোলায়,
তবে সবকিছুই উল্টো থাকে..!
দিনে নিয়ম করে তিনবেলা খায়
শুধু পার্থক্য হল-
খাবারের পরিবর্তে-গরীবের হক,
রাতে যথারীতি ঘুমায়
কারো না কারো চোখের ঘুম কেড়ে।
ডিগ্রির কোনো অভাব নেই
শুধু নেতানো বিবেক,
লেবাসধারী ধার্মিক আমরা
মানুষকে কষ্ট দিয়ে-
উল্টো পথে আয় করি।
তৃষ্ণা পেলে তরল পান করি
তবে জলের পরিবর্তে-
শোষনের কালো দুধ,
লেখালেখির বেশ শখ আছে
সাধুর বেশ ধরে তোয়াজ করে-
দোষীর গায়ে হাত বুলিয়ে চলি।
আমাদের দেশে চাঁদ, তারা, সূর্য
ফুল-ফল, পাখি,নদী-সবই আছে
শুধু আকাশটা কালো মেঘে ঢাকা,
চারদিকে ধোঁয়াশা, কুয়াশা
আর অন্ধকারাচ্ছন্ন পরিবেশ।
এখানে আইন-কানুন, পুলিশ-কোর্ট
সবই আছে....
সবকিছুই আছে,
তবে সবার চোখে কালো পটি-
আর আইন নিজেই লালসায় কারাবন্দি!

৩টি মন্তব্য:
সমাজের নৈতিক অবক্ষয়, শোষণের নির্মম বাস্তবতা এবং উল্টো নিয়মে চলা এক কলুষিত বিচারব্যবস্থার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও বিদ্রূপ প্রকাশ পেয়েছে এই কবিতায়।
অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
অসাধারণ অনবদ্য সৃজন
একটি মন্তব্য পোস্ট করুন