![]() |
| সুকুমার সাউ |
অম্বুদ উঠিল রেগে
- সুকুমার সাউ
অম্বুদ ফুঁসিয়া ওঠে আকাশের মাঝে
নামিবে ধরার মাঝে রণ দেহ তার ,
দামামা বাজিছে সদা সাজিয়াছে সাজে
হুঙ্কার দিতেছে সদা রক্ষা নাহি আর।
চাষিরা ভাবিছে মনে কিবা দশা হবে
বিজলী ঝিলিক মারে শুধু বারে বারে,
কালের বৈশাখী নৃত্য কত কিছু লবে ,
প্রাণীকূল ভেবে মরে যম বুঝি দ্বারে ।
আঁধার ঘনায়ে আসে ঈশানের কোনে
ধরণী চৌচির আজ তীব্র তাপদাহে,
যাচিছে অম্বুদ পানে এসো মোর সনে
জুড়াও সকল জ্বালা তপ্ত এই গায়ে।
নামিল অম্বুদ বেগে ভাসিলো ধরণী
ফসল ভাসিল জলে মাথা নিচু করে,
বরুণ রাগিয়া নিজে ভাঙিল তরণী
কান্নার উঠিল রোল কত শত ঘরে ।
ধংসের মাঝেও তবু জীবন ও আছে
বৃক্ষ লতা ফিরে পায় আপনার প্রাণ ,
সবুজের সমারোহ নদী নালা বাঁচে
ভুলিব কেমনে ইহা প্রভুর যে দান ।

২টি মন্তব্য:
কালবৈশাখীর প্রলয়ঙ্করী ঝড়ে ফসলের ক্ষয়ক্ষতি ও কান্নার রোলের মাঝেও, ধরণীর তীব্র তাপদাহ দূর করে প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চার ও সবুজের জাগরণকে ঈশ্বরের এক অনবদ্য লীলা হিসেবে দেখানো হয়েছে।
চমৎকার
একটি মন্তব্য পোস্ট করুন