আগুন নিয়ে খেলা
লেখিকা- সর্বানী দাস
আগুন নিয়ে খেলছে শিশু ডাইনি খিদের জ্বালা,
দড়ির উপর হাঁটলে তবে জুটবে ভাতের থালা।
আগুন নিয়ে মরণ কুয়োয় ঝাঁপ দিল যে নারী,
প্রতিমুহূর্ত পরীক্ষা তার শূণ্য ভাতের হাঁড়ি।
আগুন নিয়ে খেলা যে তার মশাল নিয়ে ভালে,
হাততালি দেয় সার্কাসে লোক জোকার নাচে তালে।
আগুন নিয়ে খেলা হলো পুড়লো সাধের দেহ,
শুধু চিৎকার কানে এলো কারণ জানে কেহ?
আগুন নিয়ে খেললো চাষি ঋণের দায়ে ঝুঁকে,
বিপ্লব আজও বেঁচে আছে এই রাজপথের বুকে।
আগুন নিয়ে খেললো যে জন অসি শক্ত করে,
প্রতিবাদের স্লোগান কাঁদে চিতাতে ছাই ওড়ে।
দুর্বল মনে আগুন ছুঁলে পুড়তে হবে জেনো,
আগুন জ্বালো বুকের খাঁচায় প্রশ্ন রেখো "কেনো"।
পিপিলিকা ভয়ে মরে আগুনে ঝাঁপ দিয়ে,
সত্যের পথে শিবকে রেখো আগুন প্রদীপ নিয়ে।
1 টি মন্তব্য:
অশেষ ধন্যবাদ
একটি মন্তব্য পোস্ট করুন