শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

মরা নদীর কান্না - সালাম মালিতা

 

নিঃস্বার্থ ভাবে নিজ কলতানে বয়ে চলা নদীটা 

আজ প্রকৃতির রোষে মৃতপ্রায়, 

অস্তিত্বকে হারিয়ে আত্মপরিচয় ভুলে

কোনোক্রমে টিকে আছে। 


কলকারখানার বর্জ্য, ড্রেনের নোংরাকে অনিচ্ছায় 

নিজের মধ্যে ধারণ করতে হয়েছে, 

হৃদয়গর্ভের বাস্তুতন্ত্র আজ বিনষ্ট হওয়ার দরুন 

জলজ সন্তানের মৃত্যু মেনে নিতে হয়,

তাই কাদাখোঁচা, বক, গাঙশালিক, চিল, মাছরাঙা 

অতিথি হিসাবেও আর আসে না। 


খেয়া পারাপার বন্ধ হয়েছে বহু আগে 

নদী ভরাটে আজ বিলাসী অট্টালিকায়-

প্রাণহীন ইট-পাথরের দখল।

 

নৌকা, ডোঙার ব্যবহার মানুষ ভুলেই গেছে 

ডিজেল, পেট্রোল চালিত কংক্রিটের রাস্তায়-

কার্বনডাইঅক্সাইড বৃদ্ধি করে 

জীবন কেড়ে নিতে ব্যতিব্যস্ত সবাই। 


ঘরে ঘরে জাল বোনার রেওয়াজ বন্ধ 

বঁড়শি, পলো, চাঁই, ঘুনি তৈরি করে না কেউ,

নদীর উপর জীবিকা নির্বাহ করা জেলেরা আজ

অন্য কাজ করে সংসার চালায়।


কলমিলতার মাঝে ডাহুক পাখির আনাগোনা নেই 

ঘুঘরো পোকার ডাক আর শোনা যায় না একদমই,  

ভেলা নিয়ে নদী পার হওয়া অনেকের অজানা 

তাই সাঁকোর প্রচলন বন্ধ হয়ে ব্রিজের আধিপত্য! 


আধুনিক এই নিষ্ঠুর সভ্যতা যেন 

পূর্বের টগবগ করা ষোলো বছরী যুবতীর মত নদীকে

একেবারে শ্বাসরুদ্ধ করে হ*ত্যা করেছে।

প্রমাণ স্বরূপ সংকীর্ণ নদীতে আজও 

ক্ষীণ স্রোত প্রবাহিত হয়ে নিজের জীবিত থাকার-

জানান দেয়।


নিজের কষ্টের পাহাড়ে জমা অভিমান গলিয়ে

শক্ত মাটির বুক চিরে বয়ে যায়, 

দুর্বল স্রোতের জলটুকুই বুঝি তার প্রতিবাদ

আর অস্ফুট ঐ মরা নদীর'ই কান্না.....!

৫টি মন্তব্য:

Sarbani Das বলেছেন...

অপূর্ব লিখেছেন প্ৰিয় কবি 🙏🏻

নামহীন বলেছেন...

চমৎকার উপস্থাপনা করেছেন সম্মানিত কবি ,আবেগ, উচ্ছাস
অনুভূতি-ময় শব্দ বুননে এক সুন্দর চিত্র
অনন্য ভাবনার প্রতিফলন ঘটেছে ছন্দের দ্বারা কবিতা পরিবেশন পাঠকের
মন আনন্দে ভরে বিগলিত হয়ে যাই।
শুভ কামনা রইলো নিরন্তর ✍️❣️🌹

Salam Malita বলেছেন...

অসংখ্য ধন্যবাদ।

Salam Malita বলেছেন...

অসংখ্য ধন্যবাদ। হৃদয় নিংড়ানো শ্রদ্ধা জ্ঞাপন করছি। 🙏

MD munnaf Sheikh বলেছেন...

একটি মৃতপ্রায় নদীর আর্তনাদ আপনার কবিতায় জীবন্ত হয়ে উঠেছে। কলকারখানার বর্জ্য আর দখলদারিত্বের ভিড়ে হারিয়ে যাওয়া এক সভ্যতার দলিল এই কবিতা। বিশেষ করে 'ষোলো বছরী যুবতীর মতো নদীকে শ্বাসরুদ্ধ করে হত্যা'—উপমাটি হৃদয়ে গেঁথে থাকার মতো।

প্রবন্ধ : একটি গাছ একটি প্রাণ - সর্বানী দাস

  প্রবন্ধ :   একটি গাছ একটি প্রাণ  - সর্বানী দাস  "পৃথিবী আমরা পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাইনি;  আমরা এটি আমাদের সন্তানদ...

জনপ্রিয় পোস্ট