এখন এখানে শুধু দ্রৌপদীর
বস্ত্র হরণ হয় না,
তাকে ধর্ষণও করা হয়!
দ্বাপরের ভূত এখনো
তাড়া করে ফিরছে,
এযুগের দূর্যোধন দুঃশাসনদের!
এখনো এখানে ভীষ্ম দ্রোণাচার্য
কর্ণ বিকর্ণের মতো বিজ্ঞ জনেরা, মুখে কুলুপ আঁটে,
নির্বাক থেকে দৃশ্য দেখে,
ভয়!
ভয় ওদের যদি ধৃতরাষ্ট্র রুষ্ট হন।
ওদের শিরদাঁড়া বক্র হয়ে
ধৃতরাষ্ট্রের পদ লেহন করছে!
এখনো এখানে ধৃতরাষ্ট্র
নিজের লালিতদের অপরাধে
থাকেন অন্ধ।
এখানে এখন কোনো ভীম নেই
যে প্রতিজ্ঞা নেবে প্রতিশোধের,
প্রতিজ্ঞা নেবে দুঃশাসনের রক্তে স্নাত হবে দ্রোপদীর কেশ।
এখানে এখন কোনো জনার্দন নেই যে,
ধর্ম রক্ষার যুদ্ধ হবে, বাঁচার লড়াই হবে!
পূর্ণিমার চাঁদে যেমন
জ্বলজ্বল করছে কালো দাগ,
যে দাগ যেমন কোনো কিছুতে ঢাকার নয় মোছার নয়,
তেমনি বিংশশতাব্দীতেও নারীর এই হাল,
জ্বলজ্বল করে স্বাক্ষী দিচ্ছে,
গ্লানি!
এই গ্লানি এযুগের দ্রৌপদীর একার নয়,
এই গ্লানি কোনো নারীর একার নয়,
এ গ্লানি আমার,
এ গ্লানি তোমার,
এ গ্লানি সমস্ত জাতির।

1 টি মন্তব্য:
কৃতজ্ঞতা🌹
একটি মন্তব্য পোস্ট করুন