বুঝবে কবে?
✍️উজ্জ্বল কান্তি দাশ
কর্মজীবীরা দিনরাত খেটে
কষ্ট করে ফসল ফলায়,
ধর্মজীবীরা আরামে থাকে
বিনাশ্রমে উদর ভরায়।
বাঁচার তাগিদে কর্মজীবীদের
জীবনব্যাপী হাজার কাজ,
কর্ম বিমুখ ধর্মজীবীরা
সেজে থাকে মহারাজ।
কর্মজীবীরা শ্রমের দামে
জীবনধারার মূল্য চুকায়,
ধর্মজীবীরা ধর্মের নামে
আপন কু-কর্ম লুকায়।
কর্মজীবীরা কর্মের মাঝে
অমরত্বের মন্ত্র শেখায়,
ধর্মজীবীরা লুটতে মজা
কথায় কথায় দোযখ দেখায়।
মায়ের মতো ভালোবাসে
কর্মজীবীরা দেশকে বাঁচায়,
ধর্মজীবীরা নিজের স্বার্থে
দেশে ধ্বংস যজ্ঞ চালায়।
কর্মজীবীরা দেশের তরে
নিজের প্রাণের মায়া ছাড়ে,
ধর্মের নামে জাতের নামে
ধর্মজীবীরা মানুষ মারে।
নতুন নতুন আবিষ্কারে
কর্মজীবীরা বিশ্ব গড়ে,
ধর্মজীবীরা অগ্রগতিকে
পেছন হতে খামচে ধরে।
কর্মজীবীরা ধর্ম ভীরু
শেষ বিচারের ভয়ে মরে,
ধর্মজীবীরা সেই সুযোগে
নিজের স্বার্থ সিদ্ধি করে।
কর্মজীবীরা আর কত কাল
ধর্মজীবীদের মানবে গুরু!
কবে হবে বিভেদ বিহীন
নতুন এক বিশ্ব শুরু?
ধর্মজীবীরা জানবে কবে
মহাজাগতিক মর্ম?
কর্মের মাঝে ধর্ম নিহিত
কর্মই হলো ধর্ম।
কবে সবাই উঠবে জেগে
বলবে বিবেক কথা?
বুঝবে কবে মানব জাতি
সর্বশ্রেষ্ঠ মানবতা।

২টি মন্তব্য:
অপূর্ব 🙏🏻
বাস্তব লেখা 🙏🏻
বাস্তবতা মুখর অসাধারণ লেখনী।
একটি মন্তব্য পোস্ট করুন