আলোর প্রত্যাশায় !
- রকিবুল ইসলাম
রাতের অসাড় পিনপতন নীরবতা
আর সকল প্রাণীকূলের -
ঘুম ঘোরে আচ্ছন্ন হওয়ার মিছিলের সহযাত্রী তো আমিও।
আধো ঘুম আর আধো জাগরণ ক্রীড়ায় মাতে!
নয়ন যুগল তখন অপলক হয়ে থমকে রয়।
না নেমে আসা আর ভেঙে যাওয়া -
ঘুম ঘুম চোখে অসম্পূর্ণ স্বপ্ন দর্শনে মত্ত হই আমি।
নিস্তব্ধতার গভীরতা যেন আরো দীর্ঘ হতে থাকে ধীরে ধীরে,,,!
চারিদিকে নিঃশব্দের অদৃশ্য এক আবরণ।
সময় যেন থমকে দাঁড়িয়ে চেয়ে থাকে আমার পানে।
দূর আকাশের তারারাও যেন ক্লান্ত হয়ে পড়ে।
রাত্রির দীর্ঘশ্বাস গোপনে এসে ছুঁয়ে যায় আমায়।
নিভু নিভু বাতাসেরাও যেন কিছু বলতে চায়।
কিন্তু শব্দেরা হারিয়ে যায় অজানা কোনো শূন্যতায়।
মন তখন অকারণে পথ হারানো পথিক হয়।
কল্পনারা মেলে ধরে অচেনা ডানার বিস্তার।
অপূর্ণতার মাঝেও খুঁজে ফিরি আমি পূর্ণতার আভাস।
কোনো এক অদেখা প্রত্যাশা নীরবে হাতছানি দেয়।
অত:পর,আবারো আঁখি বন্ধ করি
নব স্বপ্ন দর্শনের প্রত্যয়ে।
অন্তরের গহীনে জমে থাকা আকাঙ্ক্ষাদের সঙ্গে নিয়ে।
নতুন কোনো ভোরের প্রতীক্ষায় থাকি নিরন্তর,,,,!
যদি আলো আসে!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন