অমোঘ সমাচার
- সালাম মালিতা
আমার এই ঘরদোরে
মৃত্যু বহুবার কড়া নেড়েছে,
কখনো কালবৈশাখীর রূপে ধেয়ে আসে
টিনের ছাপড়া উচ্ছেদ করতে-
মাঝ খুঁটিটা উপড়ে সঙ্গে করে নিয়ে যায়!
ভেঙেচুরে, দুমড়ে-মুচড়ে তছনছ করে
শেষ সম্বলটুকুও কেড়ে নেয়।
মৃত্যু কখনো এসেছে চৈতী খরা হয়ে
পেটে লাথি মারতে-
ধানের থোড় ফোলার পূর্বেই
শুকিয়ে খড় করে দেয়।
অভুক্ত পেটের গুদামে তালা মেরে
তাই দিনের পর দিন জল খেয়েই-
নির্ঘুম রাত কাটাতে হয়েছে!
মৃত্যু কখনো আবার এসেছে বন্যারূপে
চারিপাশ ভাসিয়ে সয়লাব করে দেয়,
নবযৌবনে বেড়ে ওঠা ফসলের ক্ষেত
আমার ঘর-বাড়ি, গরু-ছাগল-
পুরানো হাঁড়ি-পাতিল, জিনিসপত্র
এমনকি ছেঁড়া অ্যালবাম, উপন্যাসের বই
সবকিছুই তার দখলে।
মৃত্যু শেষবার আসে প্রিয়তমার রূপে
যে বিনা রক্তপাতে-
জীবন্ত লাশ করে যমদূতের ভূমিকা নেয়।
তার অবহেলা, প্রতারণা-প্রবঞ্চনা, পরিবর্তনে
আমি বারবার পুড়েছি....
বারবার মরেছি....
আর দুর্গন্ধের অভাবে যন্ত্রমানব হয়ে-
নকল হাসির অসীতে আজও ঘুরে বেড়াচ্ছি...!

২টি মন্তব্য:
অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। 🙏
ঝোড়ো প্রকৃতি আর প্রিয়তমার নির্মম প্রতারণায় বারবার ধ্বংস হয়েও, এক জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার এক অমোঘ ও নির্মম বাস্তবতার আলেখ্য এই কবিতা।
একটি মন্তব্য পোস্ট করুন