রানোর কাব্য
- হাসিনা খাতুন
খাতা আছে কলম আছে, শব্দ যে আজ নাই,
মনের মাঝে ঘুরপাক খায়, কোথায় তাদের পাই?
ভাবনাগুলো মেঘের মতো জমছে কেবল বুকে,
ভাষার অভাব ঘটছে কেন এমন হাসিমুখে?
উধাও হলো ছন্দগুলো, হারিয়ে গেল মিল,
নীরবতায় কাটছে সময়, শান্ত যেন ঝিল।
জানলা দিয়ে তাকিয়ে দেখি দূরের আকাশ পানে,
একটি লাইনও আসছে না আজ অলস এই মনে।
কোথায় গেল রূপকথা আর কোথায় সুরের নাও?
হেঁয়ালি এই মনের ভেতর ডাক দিয়ে তো যাও!
অভিমানী শব্দগুলো লুকিয়ে আছে দূরে,
ফিরবে কি আর তারা আমার চেনা গানের সুরে?
বুকের মাঝে লুকিয়ে আছে অনেক গভীর কথা,
প্রকাশ করার পথ মেলে না, বাড়ে ব্যাকুলতা।
চেষ্টা করি মনের মতন সাজাতে এক সারি,
শব্দ নামের হরিণগুলো দিচ্ছে কেবল আড়ি।
ভাবের ঘরে শূন্য খাতা, একলা বসে রই,
হঠাৎ করে হারিয়ে যাওয়া চপল নুপূর কই?
ক্লান্ত চোখে তাকিয়ে আছি শুভ্র পাতার গায়,
কবিতা আজ আসবে ফিরে কোন সে ইশারায়?
অপেক্ষাতে কাটবে প্রহর, নামবে সাঁঝের মায়া,
শব্দরা ঠিক আসবে ফিরে, ফেলবে মধুর ছায়া।
অন্ধকার এই খাতার বুকে জ্বলবে আশার আলো,
শব্দ এসে বলবে হেসে, বাসি তোমায় ভালো।

1 টি মন্তব্য:
খাতার পাতায় শব্দহীনতার ব্যাকুলতা আর কবির অপেক্ষার প্রহর শেষে, অবশেষে শব্দেরা ফিরে এসে ভালোবাসার আলো জ্বালবে—এই কাব্যিক আকুতি ও আশাবাদ কবিতায় অসাধারণভাবে ফুটে উঠেছে।
একটি মন্তব্য পোস্ট করুন