মঙ্গলবার, ২ জুন, ২০২৬

অনুক্তাশ্রু... - নাহিদ খান

নাহিদ খান


 অনুক্তাশ্রু  
- নাহিদ খান

তুমি এসো, হে অনুক্তাশ্রু-
যার নাম উচ্চারণ করিনি কখনো, 
তবুও যার অপেক্ষায় ভিজে যাচ্ছে প্রতিটি শ্বাস।  

মুষলধার বৃষ্টির তলায় দাঁড়িয়ে আছি আমি,  
হাতে একগুচ্ছ কদম-সিক্ত, নত, তবু অটল। 
 
এই ভিজে যাওয়া কেবল জলের নয়,  
এই ধরে রাখা কেবল ফুলের নয়,  
এই তো তোমার জন্য জমে থাকা - 
সমস্ত নীরবতার ব্যাকরণ।  

তুমি এসো,  
কারণ তোমার আগমনের সংবাদ পেয়েই 
জারুল আবার নতুন রূপে সেজেছে।  

বেগুনি পাপড়ির ভাঁজে ভাঁজে... 
লুকিয়ে রেখেছে সময়ের দীর্ঘশ্বাস,  
আর প্রতিটি ফোঁটা বৃষ্টি হয়ে গেছে,
তোমার নামের প্রতিধ্বনি।  

এসো,  
এই বর্ষা, এই কদম, এই জারুল -
সবই অর্থ পায় কেবল তোমার উপস্থিতিতে।  

তুমি না এলে, 
প্রকৃতি থেকে যায় অলিখিত কবিতা।

৩টি মন্তব্য:

Sarbani Das বলেছেন...

খুব ভালো লিখেছেন কবি

সালাম মালিতা বলেছেন...

দারুণ লেখনী।

মারিয়াম রামলা বলেছেন...

বর্ষার কদম আর জারুলের স্নিগ্ধতায় মাখানো এক গভীর একাকীত্বে, প্রিয়জনের উপস্থিতির অপেক্ষায় প্রকৃতির অলিখিত কবিতা হয়ে ওঠার আকুল আর্তি এ কাব্যে অসাধারণভাবে মূর্ত হয়েছে।

তাসের ঘর - রতন চক্রবর্তী

  রতন চক্রবর্তী তাসের ঘর    - রতন চক্রবর্তী    প্রতিদিন গড়ি তাসের ঘর  একটির উপর আরেকটি স্বপ্ন রাখি সাবধানে  সযতন ভারসাম্যে  সাজাই স্বপ্ন সং...

জনপ্রিয় পোস্ট