ব্যস্ত শহরের ক্লান্ত রাত
- সঞ্জয় নন্দী
দিনে শহরটা বড্ড ব্যস্ত,
হাজারও মানুষের ভিড়
হাজারও গাড়িঘোড়া।
চেনা অচেনা মানুষ শহর জুড়ে,
কোলাহলে কান ঝালাপালা
তবুও মিলেমিশে পথচলা।
রাতের শহরটা নির্জীব নিস্তব্ধ,
মশার কামড়, কনকনে ঠান্ডা, বৃষ্টিতে ভিজে অনাহারে,
ফুটপাত জুড়ে পড়ে আছে কতো মানুষ!
জনমানবশূন্য রাস্তা,
জেগে থাকে-
ঠিকানা বিহীন অচেনা অজানা কতো চিত্র।
ওরা বলতে পারে না আপন ঠিকানা,
জানেনা কোথা থেকে এসেছে যাবে কেথায়।
ডাস্টবিনের পরিত্যক্ত খাবার নিয়ে চলছে,
মানুষ আর কুকুরের লড়াই।
ওরা সবাই ক্ষুধার্ত-
তাইবলে মানুষের সাথে কুকুরের!
ক্ষিদে মেটাতে ডাষ্টবিনের পচা খাবার নিয়ে কাড়াকাড়ি,
হায়রে মানবতা!
কখনো নিস্তব্ধ রাতে ফায়ার সার্ভিসের সাইরেনের শব্দ-
মানুষ ও মানুষের সহায়সম্বল রক্ষা করতে,
অতন্দ্র প্রহরী হয়ে জেগে আছে
শক্তি, সাহস, ত্যাগী জনেরা।
আবার এ্যাম্বুলেন্সের শব্দ-
ছুটছে দূরন্ত গতিতে হসপিটালের দিকে।
হসপিটালের দরজা চব্বিশ ঘণ্টা খোলা-
কেউ ঢুকছে আবার কেউ বেরিয়ে যাচ্ছে,
সাথে আপন হারানোর আর্তনাদ!
শীতাতপ নিয়ন্ত্রিত কনক্রিটের চার দেওয়ালে মধ্যে,
নিশ্চিন্তে ঘুমাচ্ছে দিনের ব্যস্ত শহরের মানুষ।
কেউ খবর রাখে না-
নিশুতি নিস্তব্ধ রাতের ক্লান্ত শহরের কথা!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন