সবুজ তুমি
- রত্না রায়
সবুজ তুমি হারিয়ে গেলে কোথায়!
আমায় কেন একা করে রেখে গেলে হেথায়!
কোথায় গেলো আমার প্রিয় বন বীথিকার ছাওয়া!
যেথায় আছে মন কেমনের হৃদয় সুখ চাওয়া!
কার কুঠারে বলী হলো গাছগুলো সব বলো,
বাগ বাগিচা দেখবো আমি, বাঁচলো নাকি ম'লো!
ওই শোনো গো শাল পিয়ালের বেদন নিনাদ কান্না,
কারা যেন করছে আঘাত ,ঝরছে শ্যামল পান্না!
মানুষগুলো নিঠুর কেন বলো দেখি শুনি,
নিত্য আসে শালের বনে, ডাল কাটবে খুনি।
স্নিগ্ধ কোমল পল্লব সব নেয়গো ওরা কেড়ে,
কোমর বেঁধে কুঠার চালায় বসে থাকে গেঁড়ে!
ধ্বংস করে কাঠগুলো সব বেচে কেনে কেন!
অরণ্য কে উজাড় হতে আর দিওনা যেন।
ফিরিয়ে আনো কানন বীথি ফিরিয়ে আনো সবুজ,
বসে আছি পথপানে , হয়োনা আর অবুঝ।
রৌদ্র ছায়ার তলে বসে কব বিপুল কথা,
রাখবে গোপন শাল সেগুনে,থাকবে ঝিলিক তথা।
ওই অরণ্যের কোলে বসে শুদ্ধ হবে মন,
কুঠার ভেঙে গুঁড়িয়ে দেবো করবো যুগল পণ।

২টি মন্তব্য:
অরণ্য বিনাশের নিষ্ঠুরতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং পৃথিবীকে বাঁচাতে সবুজের সুশীতল ছায়া ও বিশুদ্ধতা ফিরিয়ে আনার এক জোরালো আহ্বান।
"ফিরিয়ে আনো কানন বীথি ফিরিয়ে আনো সবুজ,
বসে আছি পথপানে , হয়োনা আর অবুঝ।"
জাগ্রত হোক চেতনা
অরণ্য ধ্বংস আর নয়
সুবজের সমারহের বড় প্রয়োজন
মন ছুঁয়ে গেল
একটি মন্তব্য পোস্ট করুন