অগ্নিবাণ
- সৌরভী করমহাপাত্র
রুদ্র রূপে বোশেখ চুপে
দেখায় তার বহর,
বড় গরম তাপ চরম
গুনছে সবে প্রহর।
তপ্ত ধরা দগ্ধ ত্বরা
শুকায় নদী পুকুর,
আর্তনাদে সবাই কাঁদে
ধরার ফাটা মুকুর।
ভ্যাপসা তাপে বিশ্ব কাঁপে
অগ্নিবাণ হানাতে,
কিসের রোষে হিসাব কষে
মরুর ধরা বানাতে!
বৃক্ষ বিনে বিবেক হীনে
হয় না তাই বৃষ্টি,
কালবোশেখী নয়তো মেকি
বাঁচায় যেন সৃষ্টি।
প্রলয় ঝড়ে পৃথিবী নড়ে
খানিক বাদে তপন,
কড়া মেজাজে আকাশে রাজে
অনল শিখা বপন।

৩টি মন্তব্য:
বোশেখের দাবদাহ, প্রকৃতির রুদ্ররূপ ও পরিবেশ সংকটকে ছন্দময় ভাষায় অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন কবি।
"বৃক্ষ বিনে বিবেক হীনে
হয় না তাই বৃষ্টি,
কালবোশেখী নয়তো মেকি
বাঁচায় যেন সৃষ্টি।"
অগ্নিবান থেকে রক্ষা পেতে সত্যি বড় প্রয়োজন কালবৈশাখীর।
মন ছুঁয়ে যাওয়া লেখা 🥰🙏🏻
ধন্যবাদ কবি
একটি মন্তব্য পোস্ট করুন