মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

লুকানো বসন্ত - বিমলশঙ্কর (ভৃগু)

লুকানো বসন্ত
- বিমলশঙ্কর (ভৃগু)

একি পাড়ায় ঋত্বিক আর সায়নের বন্ধুত্ব সেই স্কুলের টিফিন ভাগ করে খাওয়া থেকে শুরু। এখন দুজনেই বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র। শহরের কোলাহল ছেড়ে ক্যাম্পাসের নির্জন বকুলতলায় বসে আড্ডা দেওয়া কিংবা সারারাত জেগে সিনেমা দেখা-তাদের প্রতিটি মুহূর্তই ছিল একে অপরের সাথে জড়ানো। সবার চোখে তারা ছিল ‘বেস্ট ফ্রেন্ড’ বা প্রাণের বন্ধু। কিন্তু এই বন্ধুত্বের খোলসের ভেতরে যে অন্য এক অনুভূতি চুপিসারে ডানা মেলছিল, তা তারা নিজেরাও প্রথম দিকে বুঝতে পারেনি।

সমস্যাটা শুরু হলো যখন সায়ন কর্পোরেট কোম্পানিতে ভালো পোস্টে চাকরি পাওয়ার পর বাড়ি থেকে তার বিয়ের কথা তোলা হলো। সায়ন বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও ভেতরে ভেতরে ভীষণ অস্থির অনুভব করল। অন্যদিকে, সায়নের বিয়ের কথা শুনে ঋত্বিকের বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে যেতে লাগল। সে অবাক হয়ে লক্ষ্য করল, সায়নের জীবনে অন্য কোনো মানুষের আগমনের কথা ভাবলেই তার দম বন্ধ হয়ে আসছে। সে নিজেকে প্রশ্ন করল, এটা কি কেবলই বন্ধুত্ব হারানোর ভয়, নাকি তার চেয়েও গভীর কিছু?

এক শীতের সন্ধ্যায় সায়নের বাড়ির ছাদে বসে ছিল দুজন। কুয়াশার চাদরে ঢাকা শহরটা তখন বেশ নিস্তব্ধ। সায়ন আনমনে সিগারেটের ধোঁয়া ছাড়ছিল, আর ঋত্বিক চুপচাপ তার দিকে তাকিয়ে ছিল। হঠাৎ সায়ন নীরবতা ভেঙে বলল, "ঋত্বিক, আমি বাড়িতে না করে দিয়েছি। আমি কোনো মেয়েকে বিয়ে করতে পারব না।"

ঋত্বিক নির্লিপ্তভাবে বলল, "কেন? কোনো সমস্যা?"

সায়ন একটু থেমে, গভীর শ্বাস নিয়ে ঋত্বিকের চোখের দিকে তাকাল। তার কণ্ঠে ছিল অদ্ভুত এক কাঁপুনি, "কারণ আমি নিজেকে চিনতে পেরেছি ঋত্বিক। কোনো মেয়েকে আমি সঙ্গ দিতে পারবোনা। আমার ভালো লাগা, ভালবাসা সবটাই একজন পুরুষকে ঘিরে। আর সেই মানুষটা..." সায়ন কথাটা শেষ না করেই মাথা নিচু করে ফেলল।

ঋত্বিকের হৃদস্পন্দন যেন মুহূর্তের জন্য থেমে গেল। সে যে ভয় আর দ্বিধায় এতদিন নিজেকে গুটিয়ে রেখেছিল, সায়ন এক নিমেষেই সেই দেয়াল ভেঙে দিল। ঋত্বিক ধীরে ধীরে সায়নের পাশে এসে বসল। সায়নের কাঁপা হাতটার ওপর নিজের হাত রেখে খুব শান্ত স্বরে বলল, "সেই মানুষটা কি আমি, সায়ন?"

সায়ন ধীরে ধীরে মুখ তুলল। তার চোখে বিস্ময় আর ভয়-যদি ঋত্বিক তাকে ভুল বোঝে! যদি তাদের দীর্ঘদিনের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়! কিন্তু ঋত্বিকের চোখে সে কোনো ঘৃণা বা অবাক হওয়ার চিহ্ন দেখল না, বরং দেখল এক সমুদ্র প্রশান্তি আর গভীর মায়া।

ঋত্বিক মৃদু হেসে বলল, "তুই কি ভেবেছিস তোর বিয়ের কথা শুনে আমি আনন্দে ছিলাম? আমিও তো একই অনুভূতির সাথে লড়াই করছিলাম পাগল! শুধু তোকে হারানোর ভয়ে কখনো বলতে পারিনি।"

দুজনে দুজনের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে একসময় দুটি ঠোঁট একে অপরকে আঁকড়ে ধরলো।‌ দীর্ঘদিনের জমে থাকা সব সংকোচ, সমাজের ভয় আর একাকীত্ব যেন সেই শীতের রাতে কুয়াশার সাথে মিলিয়ে গেল। সায়ন ঋত্বিকের ঠোঁট দুটো আরও শক্ত করে ধরে রাখলো সায়নের ঠোঁট।

সেই রাতে ছাদের ওপর কোনো বড় প্রতিশ্রুতি দেওয়া হয়নি, কোনো জাঁকজমকপূর্ণ আয়োজনও ছিল না। ছিল কেবল দুটি হৃদয়ের দীর্ঘ প্রতীক্ষার অবসান। বন্ধুত্বের যে চারাগাছটি তারা ছোটবেলায় পুঁতেছিল, সেদিন তা ভালবাসার ফুলে ভরে উঠল। তারা বুঝল, একে অপরের পাশে থাকলে পৃথিবীর কোনো বাধাই আর বড় নয়। তাদের এই নতুন পথচলা হয়তো সহজ হবে না, কিন্তু হাতটা যখন প্রিয় মানুষের, তখন ভয় কিসের?

বিঃ দ্রঃ  একটি দুঃসাহসিক পদক্ষেপ।

৫টি মন্তব্য:

Sarbani Das বলেছেন...

কি ভালো লিখেছেন 🙏🏻
মুগ্ধতা একরাশ 🌹🌹

Sarbani Das বলেছেন...

কবির কলম চলুক অবিরত 🙏🏻

বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদ হোক সমৃদ্ধ 🥰

সালাম মালিতা বলেছেন...

অসাধারণ উপস্থাপন করেছেন। মুগ্ধতা একরাশ।

সমর্পিতা রাহা বলেছেন...

ভালো লাগলো

সমর্পিতা রাহা বলেছেন...

কলম চলুক অবিরত

ভাতের কাঙাল - সর্বানী দাস

  ভাতের কাঙাল - সর্বানী দাস কেউ খায় মানচিত্র কেউ সভ্যতার নগ্ন দেওয়াল,, আরে বেজন্মা,  দুমুঠো ভাত দে, বন্ধ কর রে জাতের খেয়াল। কুকুর মানুষে ...

জনপ্রিয় পোস্ট