মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

অবুঝ অনুরাগ - সৌরভী করমহাপাত্র


অবুঝ অনুরাগ
- সৌরভী করমহাপাত্র

"আরে বাবা, এবার তোরা দু'জন থাম্, থাম্ না রে।
আর ভাল্লাগে না। তোদের এই রোজ রোজ তুমুল ঝগড়ার সালিশি করতে গিয়ে আমি নাস্তানাবুদ হচ্ছি। যা পারিস কর তোরা। আমি চললুম।"

এক নিঃশ্বাসে বলে উঠে যেতে লাগলো তমাল কলেজের ক্যান্টিন থেকে। 
পূরবী, তমাল আর পলাশ তিনজন বাল্যকালের বন্ধু।
এখনো তাদের বন্ধুত্ব অটুট।
আর ভাগ্যক্রমে তারা কলেজেও জুওলজি নিয়ে পড়াশোনা করছে।
ওদের এখন প্রথম বর্ষ কলেজে। 
কিন্তু তমালকে যেতে বা দিচ্ছে কে! 

ওর উঠে পড়ে যাওয়া দেখা মাত্রই পূরবী ও পলাশ তমালের দু'হাত দু'জন ধরে টেনে আবার বসিয়ে দিলো।

একসাথে একসুরে ওরা তমালকে বললো,
"তুই চলে গেলে আমাদের মিটমাট কে করবে রে?
তমাল একরাশ বিরক্তি মুখে নিয়ে বললো,
" তোরা দু'জনই পাগল। এতদিন কম-সম ঝগড়া করতিস,
আর এখন কলেজে উঠে তো একতিল-ও পটে না রে তোদের।
আজ তোদের বাড়িতে গিয়ে কাকু কাকিমাদের সব বলে আসবো। 
আর ভাবছি আমিও তোদের হাত থেকে নিস্তার পেতে অন্য কলেজে ভর্তি হয়ে যাবো।
" একথা শোনামাত্রই পূরবী ও পলাশ রে রে করে চিৎকার করতে করতে তমালের পিঠে কয়েক ঘা বসিয়ে দিলো।
                                                                  
ওদের তিনজনের বাড়ি প্রায় কাছাকাছি।ইদানিং পূরবী ও পলাশ দু'জনেই দু'জনের প্রতি একটু বেশি অধিকার বোধ দেখাচ্ছে।যার থেকেই ওদের মনোমালিন্য আরো বেড়ে গেছে।

তমাল একা একা তার বাড়িতে বিকেলবেলা বসে এইসব ভাবতে লাগলো। হঠাৎ তার মনে হলো এইসব ভাবনার মাঝে যে পূরবী ও পলাশ মনে হয় একে অন্যের প্রেমে পড়েছে। কিন্তু কথাটা মনে করেই তমালের মুখটা ফ্যাকাশে হয়ে গেলো। কেমন যেন মন খারাপ লাগলো তার।

তার পরের দিন কলেজে যাওয়ার পথে তমাল ওদের সামনে এগোতে দিয়ে ইচ্ছে করেই একটু পেছনে পিছিয়ে গেলো। ওরা দু'জন দু'জনের হাতটা শক্ত করে ধরে এগোচ্ছে কথা বলতে বলতে। আর পেছন থেকে তমাল ওদের খুব মন দিয়ে পর্যবেক্ষণ করে চললো। কলেজের গেটের কাছে এসে পূরবী আর পলাশের খেয়াল হলো যে তমাল ওদের পাশে নেই। যেই পেছনে ঘুরলো, দেখলো যে তমাল বহু পেছনে।কাছে আসতেই দু'জন মিলেই ওকে বকতে লাগলো অযথা। বেশ কিছুদিন ধরে তমাল একই রকম আচরণ করতে লাগলো ওদের সাথে, তেমন করে আর আগের মতন হেসেও কথা বলে না, কেমন যেন মনমরা থাকে সারাক্ষণ।  পূরবী ও পলাশের হাজার জেরাতেও তমালের মুখ থেকে তেমন কোনো বাক্য বেরোয় না।

শেষে একদিন তমাল ওদের বললো, "জানিস,আমার মনে হয়, তোরা দু'জন দু'জনের প্রেমে পড়েছিস।তাই তোদের এতো ঝগড়া হয় প্রতিদিন খুব তুচ্ছ বিষয়েও। " এসব শুনে প্রথমে পূরবী ও পলাশ থ হয়ে বসে থাকলো ভ্যাবাচ্যাকা খেয়ে। এমন কথা কেউ ওদের নিয়ে বলবে তাই হয়তো ওরা আশাই করে নি।

তার কিছুক্ষণ পরেই দু'জনেই হো হো করে হাসিতে ফেটে পড়লো আর সাথে তমালের পিঠে দু'জনেই কয়েক ঘা বসিয়ে দিলো। কিন্তু তমালের কথাটা ওদের দু'জনের মনে বেশ দাগ কাটলো। এরপর থেকে ওরা দু'জনেই যেন কেমন আড়ষ্টতার মাঝে কয়েকদিন লজ্জিতভাবে কথা বলতো। একদিন ওরা দু'জনেই তমালকে বললো,

"এমনও বুঝি হয়! বন্ধুত্ব থেকে প্রেমও কি হয়?"

এরপর কিছুদিন বাদে তমালের ধুম জ্বর এলো। প্রায় একসপ্তাহ তমাল কলেজে যেতেই পারলো না। এই এক সপ্তাহ পূরবী ও পলাশের ঘনিষ্ঠতা আরো বাড়লো কলেজ যাতায়াতের পথে। তবে ওরা কলেজ শেষ করে রোজ তমালের বাড়িতে দেখা করতেও যেত। ওই জ্বর অবস্থায় ওরা তমালকে একদিন জানালো যে সে ঠিকই বুঝেছিল ওদের প্রেম নিয়ে। 

পূরবী ও পলাশের নিজেদের বোঝার আগেই ওদের প্রিয় বন্ধু তমাল সবটা বুঝে ওদের জানানোয় ওরা নিজেরাও অনুভব করতে পারলো যে ওরা প্রথমবার কারোর প্রেমে পড়েছে তাও আবার বন্ধুত্ব থেকেই প্রেম। ওরা সবটা বলে তমালের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল সন্ধ্যায়। কিন্তু সেদিন রাতে তমালের জ্বর আরো বেড়ে গেলো। প্রায় একমাস তমাল কলেজ যেতেই পারলো না। সাথে এক অদ্ভুত মনখারাপ তাকে যেন আরো কাবু করে দিলো। ভীষণ বিষণ্ণতার কারণ অবশ্য সে অনুভব করতে পেরেছে যে, সে নিজেই পূরবীকে খুব ভালোবেসে ফেলেছে আর তা এক তরফা।

অনেক ভেবে নিজের মনের সাথে লড়াই করে তমাল সিদ্ধান্ত নিলো যে সে দূরে তার মামার বাড়ি কলকাতায় থেকে পড়াশোনা করবে যাতে তাকে পলাশ ও পূরবীর মাঝে না থাকতে হয়। সে তাই ব্যবস্থা করে চলে গেল। শুধু পূরবী ও পলাশের ওর যাওয়ার আসল কারণ জানা হল না। যদিও ওরা তমালকে খুব বোঝানোর চেষ্টা করে আটকাতে চেয়েছিল কিন্তু তমাল তার মামার চাপে যাচ্ছে বলে ওদের কাছে নিজের মনের কথাটা চিরতরে গোপণ করে রেখে দিলো। 

তমাল নিজেকে এই বলে সান্ত্বনা দিতে লাগলো,
"প্রথম প্রেম, প্রথম ভালোবাসা হয়তো অবুঝ অনুরাগ ....... 

পূরবী ও পলাশ খুব ভালো থাক।"

৫টি মন্তব্য:

Sarbani Das বলেছেন...

অসাধারণ ত্রিকোণ প্রেমের গল্প।

Sarbani Das বলেছেন...

ভালোবাসার জয় হোক। হয়তো বা ত্যাগেই ভালোবাসার জয়।

সর্বানী দাস (মম্মো ) বলেছেন...

বেশ সিনেমেটিক

সর্বানী দাস (মম্মো ) বলেছেন...

অনুরাগ অবুঝই হয়। বেশ ভালো লিখেছেন 🌺

সমর্পিতা রাহা বলেছেন...

ভালোবাসার জয় হোক

ভাতের কাঙাল - সর্বানী দাস

  ভাতের কাঙাল - সর্বানী দাস কেউ খায় মানচিত্র কেউ সভ্যতার নগ্ন দেওয়াল,, আরে বেজন্মা,  দুমুঠো ভাত দে, বন্ধ কর রে জাতের খেয়াল। কুকুর মানুষে ...

জনপ্রিয় পোস্ট