অতীতের পোড়া গন্ধ
- মেফ্তাহুল জান্নাত
এক দুর্বিষহ নগরীর গল্প লিখেছেন বিধাতা,
অথচ, তাকেই কীনা ভাবতে চাই আপন,
মন তখনই মুখ ফিরিয়ে নেয়, ছটফট করে।
জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় আমার দিকে।
তার বক্রদৃষ্টি আমি সইতে পারিনা।
মনখানা তার মুখ ফেরালেই,
আমার বর্তমান, আমার অতীত—
বিধাতাকে ভাবতে থাক পর; ক্রমে—-ক্রমে!
ওরা হাতড়ে খোঁজে মর্মান্তিক অভিসম্পাতের ব্যাখ্যা!
কোনটা ভুল? কোনটা ঠিক?
এ নিয়েই তুমুল বিরোধ চলে রক্তে-রন্ধ্রে।
অতীত আজকাল ফিরে ফিরে আসে দুঃস্বপ্নের মতো।
পুরোনো কবর থেকে মাথাচাড়া দিয়ে ওঠে সে—
অতৃপ্ত লাশ যেন!
অশরীরীর আক্রমণের মতোই;
রাতবিরেতে তার ক্রন্দন শোনা যায়।
পোড়া গন্ধ ভেসে আসে দূর থেকে। ঘুম হারায়।
তারই ভয়াল দৃষ্টিতেই
ঘটে যেতে থাকে আমার ধ্বংসযজ্ঞ।
ঘোরাফেরা করতে থাকে চারপাশে,
পোড়া দগ্ধ অতীত!
ভয়ানক সকল দৃশ্য!
আমি—মুখ ফিরিয়ে নিই পরক্ষণে। ভাবতে থাকি।
পোড়া গন্ধ আসতে থাকে মস্তিষ্কের নাসরন্ধ্রে।
তবুও, সাঙ্গ হয় না বিধাতার লীলা। দাবার মার।
কী যে সেই পোড়া ভয়ানক অতীতের তীব্রতা….
কী যে তার সারমর্ম, তার অট্টহাসি!
কী যে….
বিধাতা শুধু আড়ালেই মুখ টিপে হাসে।
আর— বিভৎস দানবের মতো সেসব
অতৃপ্ত প্রেতাত্মার মতো অতীত—
খুবলে খেতে আসে বর্তমানের অস্থিমজ্জা।।

৯টি মন্তব্য:
আপনার লেখার শব্দচয়ন ও অনুভূতির গভীরতা সত্যিই মুগ্ধ করলো। আরও এমন সুন্দর সৃষ্টি উপহার দিন।
আপনার কবিতার শব্দবিন্যাস ও ভাবনার গভীরতা সাহিত্যপ্রেমীদের মুগ্ধ করবে নিঃসন্দেহে।
অসাধারণ প্রকাশ
Subject and conent and language good.More to say.
Subject, content, language good.More to say.
অসীম কৃতজ্ঞতা জানাই বিবিএসপি এর জনক শ্রদ্ধেয় সভাপতি আকাশ আহমেদ মহোদয় কে🙏🙏🙏❤️🌺🌿
অসংখ্য ধন্যবাদ
মন ছুঁয়ে গেল
অপূর্ব! কোথাও যেন দার্শনিক মননের বহিঃপ্রকাশ ঘটেছে যা মনকে ভীষণভাবে নাড়া দেয়। ❤️
একটি মন্তব্য পোস্ট করুন