![]() |
| সর্বানী দাস |
আমি পৃথিবী বলছি -
নিঃশ্বাস নিতে পারছি না যে আর...
বুকে জমে কালো ধোঁয়া
লক্ষ লক্ষ বছর ধরে
অকেজো করছে আমার ফুসফুস।
তোমাদের কারখানা
তোমাদের উন্নয়ন
তোমাদের অদৃশ্য লোভ
ঝাঁ চকচকে অহংকার-
কার্বনের কালো চাদর
চেপে ধরছে আমার গলা।
আমি একসময় তো সবুজ ছিলাম বলো —
তোমার চোখের প্রথম রঙ আমি,
দেহের শিরায় আমার অস্তিত্ব,
আজ সেই সবুজ রঙ মুছে ফেলছো!
টুকরো টুকরো করে
কেটে নিচ্ছ অঙ্গ-প্রত্যঙ্গ -
আমার সন্তান সবুজপাতা-
আজ বিবর্ণ তোমাদের জন্য।
ছিঃ মানব জাতি, ছিঃ -
এত লালসা -
বিক্রি করে দিচ্ছ
মাটির শিকড় কে
শহুরে পণ্য করে!
আমার গাছগুলো—
ওগুলো কেবল কাঠ ছিল না-
ওগুলোই আমার ফুসফুস।
তুমি যখন কুঠার চালালে ,
আমি শব্দ করতে পারিনি —
তিল তিল করে
আমি মৃত্যুর কোলে ঢলেছি।
শ্বাস বন্ধ হয়ে আসছে -
আমি নিরুপায়-
যে মানুষকে শ্রেষ্ঠ করে
পৃথিবীতে জন্ম দিলাম
সেই এখন চরম শত্রু।
আমি পৃথিবী বলছি -
এখন বাতাসে হাতড়াই,
তন্ন তন্ন করে খুঁজি
চেনা অক্সিজেনকে -
খুঁজে পাই না,
গুমট ধোঁয়াশা জানান দেয়
মাথার উপর ওই মস্ত আকাশ
আজ তার দখলে।
এতে বিষ আছে,
এতে অদ্ভুত এক উষ্ণতা,
আমার ভেতরের জল শুকিয়ে যাচ্ছে -
নদীগুলো আমার শিরা,
সেখানেও তোমার বর্জ্য,
তোমার উদাসীনতা
তোমার অবহেলা।
শুনতে কি পাও আর,
শুনতে কি চাও আর -
জলের গান
দেখতে কি পাও
নদীর নাচ
ভরা বর্ষায় আমার যৌবন
দুকুল ছাপিয়ে আমি
দিতে চাই আমার সতীত্ব
ভরিয়ে দিতে চাই সবুজে শ্যামলে,
কিন্তু পারি কই?
শুধু ভারী হয়ে থাকে বুক,
প্রেমিক পুরুষ আকাশ-
আজ আর কাছে আসে না,
প্রিয় ঋতু বর্ষায
মিলন আর হয় কই !
মৃত মাছের চোখে জমে
হাজার প্রশ্ন-
আমি শুনি—
আমি কাঁদি -
আমার সন্তানরা
আজ বিলুপ্তির পথে -
কণ্ঠ রোধ করেছ তোমরা -
আমি পৃথিবী বলছি -
এখনো এই শব্দ যদি তোমাদের কানে না পৌঁছায় -
তবে, তোমার ধ্বংস অনিবার্য।
শোনো অহংকারী লোভী মানুষ
তুষার গলছে-
তুমি বলো—
এটা প্রাকৃতিক নিয়ম,
আমি বলি -
এটা অভিশপ্ত জ্বর।
আমার শরীরের তাপমাত্রা বেড়ে
তোমার ধ্বংস ডেকে আনছে।
এখনো সময় আছে
থার্মোমিটার বসাও আমার কপালে।
সমুদ্রকে আটকাও
কাছে আসতে।
তা না হলে
ধীরে, কিন্তু নিশ্চিত-
তুমি তখনও হিসেব কষবে -
কতটা জমি যাবে,
কতটা লাভ হবে
ক্ষতির অংক তুমি তখনো বুঝবে না?
রাতে আমি ঘুমাই না-
মাটির নিচে শেকড়গুলো
চিৎকার করে ওঠে,
ওগুলো কান্না—
তোমরা শোনো না,
শুনতে চেষ্টাও করো না -
তোমাদের শহর
তোমাদের উন্নয়ন
তোমাদের বাতানুকূল পরিবেশ
খুব শব্দ করে।
তোমাদের স্যাটেলাইট
তোমাদের মুঠোফোন
পাখিরা পথ হারা
প্রজাপতিরা রঙহীন
ফড়িং মধুকপি ফুল
শিশুর নীল পৃথিবী
আজ কংক্রিটের খাঁচায়
আমার সাথে মৃত্যু পথযাত্রী।
আমি পৃথিবী।
ধরিত্রী।
আমি সর্বংসহা।
তোমার একমাত্র ঠিকানা।
কিন্তু আমি আজ বড় ক্লান্ত।
যদি কোনোদিন থেমে যাই,
তুমি বুঝবে—
কতটা নীরব হতে পারি-
আমি পৃথিবী বলছি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন