শুক্রবার, ১ মে, ২০২৬

আমি পৃথিবী বলছি... কলমে - সর্বানী দাস

সর্বানী দাস



 আমি পৃথিবী বলছি -
নিঃশ্বাস নিতে পারছি না যে আর...
বুকে জমে কালো ধোঁয়া
 লক্ষ লক্ষ বছর ধরে 
 অকেজো করছে আমার ফুসফুস।

তোমাদের কারখানা
তোমাদের উন্নয়ন
তোমাদের অদৃশ্য লোভ
 ঝাঁ চকচকে অহংকার-
 কার্বনের কালো চাদর 
 চেপে ধরছে আমার গলা।

আমি একসময় তো সবুজ ছিলাম বলো —
তোমার চোখের প্রথম রঙ আমি,
দেহের শিরায় আমার অস্তিত্ব,
আজ সেই সবুজ রঙ মুছে ফেলছো!
টুকরো টুকরো করে 
 কেটে নিচ্ছ অঙ্গ-প্রত্যঙ্গ -
 আমার সন্তান সবুজপাতা-
 আজ বিবর্ণ তোমাদের জন্য।

 ছিঃ মানব জাতি, ছিঃ -
 এত লালসা -
বিক্রি করে দিচ্ছ 
মাটির শিকড় কে 
 শহুরে  পণ্য করে!

আমার গাছগুলো—
ওগুলো কেবল কাঠ ছিল না-
ওগুলোই  আমার ফুসফুস।
তুমি যখন কুঠার চালালে ,
আমি শব্দ করতে পারিনি —
 তিল তিল করে 
আমি মৃত্যুর কোলে ঢলেছি।
 শ্বাস বন্ধ হয়ে আসছে -
 আমি নিরুপায়-
 যে মানুষকে শ্রেষ্ঠ করে 
পৃথিবীতে জন্ম দিলাম 
 সেই এখন চরম শত্রু।

 আমি পৃথিবী বলছি -
এখন বাতাসে হাতড়াই,
 তন্ন তন্ন করে খুঁজি 
 চেনা অক্সিজেনকে -
খুঁজে পাই না,
 গুমট ধোঁয়াশা জানান দেয় 
 মাথার উপর ওই মস্ত আকাশ 
 আজ তার দখলে।
এতে বিষ আছে,
এতে অদ্ভুত এক উষ্ণতা,
 আমার ভেতরের জল শুকিয়ে যাচ্ছে -
নদীগুলো আমার শিরা,
সেখানেও তোমার বর্জ্য,
তোমার উদাসীনতা 
তোমার অবহেলা।

 শুনতে কি পাও আর,
 শুনতে কি চাও আর -
জলের গান 
 দেখতে কি পাও
 নদীর নাচ
  ভরা বর্ষায় আমার যৌবন
  দুকুল ছাপিয়ে আমি 
  দিতে চাই আমার সতীত্ব 
   ভরিয়ে দিতে চাই সবুজে শ্যামলে,
 কিন্তু পারি কই?
শুধু ভারী হয়ে থাকে বুক,
 প্রেমিক পুরুষ আকাশ-
 আজ আর কাছে আসে না,
 প্রিয় ঋতু বর্ষায
  মিলন আর হয় কই !
মৃত মাছের চোখে জমে
 হাজার প্রশ্ন-

আমি শুনি—
আমি কাঁদি -
আমার সন্তানরা 
আজ বিলুপ্তির পথে -
কণ্ঠ রোধ করেছ তোমরা -

 আমি পৃথিবী বলছি -

 এখনো এই শব্দ যদি তোমাদের কানে না পৌঁছায় -
 তবে, তোমার ধ্বংস অনিবার্য।
 শোনো অহংকারী লোভী মানুষ 
তুষার গলছে-
তুমি বলো—
এটা প্রাকৃতিক নিয়ম,
আমি বলি -
এটা অভিশপ্ত জ্বর।
আমার শরীরের তাপমাত্রা বেড়ে 
 তোমার ধ্বংস ডেকে আনছে।
 এখনো সময় আছে  
থার্মোমিটার বসাও আমার কপালে।
সমুদ্রকে আটকাও 
কাছে আসতে।
 তা না হলে 
ধীরে, কিন্তু নিশ্চিত-
তুমি তখনও হিসেব কষবে -
কতটা জমি যাবে,
কতটা লাভ হবে 
 ক্ষতির অংক তুমি তখনো বুঝবে না?

রাতে আমি ঘুমাই না-
মাটির নিচে শেকড়গুলো 
 চিৎকার করে ওঠে,
ওগুলো কান্না—
তোমরা শোনো না,
 শুনতে চেষ্টাও করো না -
 তোমাদের শহর 
 তোমাদের উন্নয়ন 
 তোমাদের বাতানুকূল পরিবেশ
খুব শব্দ করে।

 তোমাদের স্যাটেলাইট 
 তোমাদের মুঠোফোন 
পাখিরা পথ হারা 
প্রজাপতিরা রঙহীন
 ফড়িং মধুকপি ফুল 
শিশুর নীল পৃথিবী 
 আজ কংক্রিটের খাঁচায় 
 আমার সাথে মৃত্যু পথযাত্রী।

আমি পৃথিবী।
ধরিত্রী।
 আমি সর্বংসহা।
তোমার একমাত্র ঠিকানা।
কিন্তু আমি আজ বড় ক্লান্ত।
যদি কোনোদিন থেমে যাই,
তুমি বুঝবে—
কতটা নীরব হতে পারি-

আমি  পৃথিবী বলছি।

ঠাণ্ডা জলের গল্প... - মারিয়াম রামলা

 


সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে যে কত কাজ করে! রান্না করা থেকে শুরু করে ঘর ঝাড়ু দেওয়া, মোছা আর বাসন মাজা—সবই তার একার হাতে। মাঝেমধ্যে বাচ্চাদের আবদার মেটাতেও হয়—"আন্টি এটা করে দাও, ওটা করে দাও।" কিন্তু এত কিছুর পরেও তার মুখে ক্লান্তির কোনো চিহ্ন দেখা যায় না। শরীর থাকলে ক্লান্তি আসা স্বাভাবিক, কিন্তু অন্যকে সেই ক্লান্তির আঁচ বুঝতে না দেওয়াটাই বড় কথা।

অথচ ভুলেও যদি কোনো কাজ বাকি থেকে যায়, তবে মালকিনের হাজারটা কথা মুখ বুজে সইতে হয়। বুক ফাটা কষ্ট চেপে তখন কাজ করে যেতে হয়। মন খারাপ হলে কাজেও আর মন বসে না।

গরম পড়ার পর থেকেই সকাল থেকে রাত পর্যন্ত সবার তৃষ্ণা মেটাতে ফ্রিজে জলের বোতল ভর্তি করে রাখার দায়িত্বও তার ওপর। তারও তো অধিকার আছে মাঝেমধ্যে সেই ফ্রিজ থেকে এক বোতল ঠাণ্ডা জল বের করে নিজের গলা ভেজানোর। কিন্তু কখনও সময় সুযোগ দেয় না, আবার কখনও ফ্রিজ তাকে সেই অবসর দেয় না। ফ্রিজ খালি হতে না হতেই বাচ্চা থেকে বুড়ো—সবার হুকুম আসে, "জলদি জলজল ভরো।" আর বোতলগুলো ভর্তি করার কিছুক্ষণ পর দেখা যায় সব ফাঁকা। সম্ভবত, ঠাণ্ডা জলের তৃষ্ণাটা একটু বেশিই তীব্র হয়।

সকালে এসে ফ্রিজের সব বোতল ভরার পর সে যখন রান্নাঘরে গেল, মালকিন তাকে একগাদা নির্দেশ দিলেন। বাড়িতে অতিথি আসবে, তাই রান্নাবান্না একটু বেশিই করতে হবে। অনেক সবজি কাটা আর অনেকটা আটা মাখার কাজ বাকি। সেও সব ব্যবস্থা করতে ব্যস্ত হয়ে পড়ল। একদিকে চুলায় দুধ ফুটতে দিয়ে সে আটা মাখতে শুরু করল। কিন্তু একদিকে প্রচণ্ড গরম, তার ওপর চুলার আঁচ—সব মিলিয়ে তীব্র গরমে বারবার তেষ্টা পাচ্ছিল তার। রান্নাঘরে নেই কোনো পাখা, নেই কুলার বা এসি। এই প্রচণ্ড গরম সহ্য করা বড় কঠিন।

অনেকক্ষণ সহ্য করার পর কিছুটা স্বস্তির আশায় সে যখন ফ্রিজের দিকে পা বাড়াল যে এক বোতল ঠাণ্ডা জল খাবে, তখন দেখল—এ কী! এত অল্প সময়ে পুরো ফ্রিজ খালি!

“আমার তৃষ্ণার বেলাতেই কেন সব বোতল খালি হয়ে যায়, পোড়া কপাল!” বিরক্তি নিয়ে মনে মনে এটুকু বলেই সে সাধারণ জল খেয়ে আবার বোতলগুলো ভরতে লাগল।

দুপুরে যখন অতিথিরা এলেন, মালকিন বললেন অতিথিদের জন্য শরবত বানাতে। কিন্তু ফ্রিজ খুলে দেখল বাচ্চারা ততক্ষণে সব বোতল খালি করে ফেলেছে। অগত্যা সে ফ্রাইজার থেকে বরফ বের করে রুহ-আফজা তৈরি করে অতিথিদের পরিবেশন করল।

এরপর তার মনে হলো দুপুরের খাবারের জন্যও ঠাণ্ডা জল লাগবে। তাই তড়িঘড়ি করে সে ফ্রিজের সব বোতল ভরে দুটো বোতল ডিপ-ফ্রিজে রেখে দিল, যাতে খাবারের সময় জলটা ঠিকঠাক ঠাণ্ডা হয়।

সবাই বেশ তৃপ্তি করে দুপুরের খাবার খেল এবং ঠাণ্ডা জলের কোনো অভাব হলো না। কিন্তু সেই মেয়েটি এক ঢোক ঠাণ্ডা জলের জন্য তৃষ্ণার্তই রয়ে গেল। সবার সামনে ফ্রিজ থেকে জল বের করে খাওয়ার সাহস তার নেই। আর যদি বোতল নিয়ে রান্নাঘরে যায়, তবে মালকিনের বকুনি খাওয়ার ভয়—"এদিকে বাচ্চারা জলের জন্য কষ্ট পাচ্ছে, আর ওদিকে কাজের মেয়ে নিজের গলা ভেজাচ্ছে!"

অতিথিদের মধ্যে দশ-বারো বছরের একটি ছেলে তাকে কাজ করতে দেখছিল। ছেলেটির মা নেই, সে তার কাকা-কাকিমার সঙ্গে অতিথি হয়ে এসেছিল।

সবার খাওয়া শেষ হওয়ার পর সেই মেয়েটি যখন ঘামে ভেজা শরীরে রান্নাঘরে একটু জিরিয়ে নিচ্ছিল, ঠিক তখনই ছেলেটি ফ্রিজ থেকে একটি ঠাণ্ডা জলের বোতল নিয়ে রান্নাঘরে ঢুকল। বোতলটি তার দিকে এগিয়ে দিয়ে বলল— 
"আন্টি, জলটা খেয়ে নিন। আর বারান্দায় গিয়ে ফ্যানের নিচে একটু বিশ্রাম নিন।"

মুহূর্তেই কাজ করা মেয়েটির মুখে এক অদ্ভুত প্রশান্তি নেমে এল এবং তার দুচোখ আনন্দাশ্রুতে ভরে উঠল।


মারিয়াম রামলা


অধিকারের রক্ষাকবচ... কলমে: মুন্নাফ সেখ

 
মুন্নাফ সেখ


ভোর হতে রাত ঘাম ঝরানোই বিধিলিপি যার হাতে,
অন্ন জোটায় হাড়ভাঙা খাটুনি, জীর্ণ থালার ভাতে।
সারা মাস ধরে জালের বাঁধন অথবা যন্ত্রের মেলা,
শ্রমিক কাটায় প্রতিটি প্রহর, বিষণ্ণ অবহেলা।

অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ— বেতনের দিন আসে,
মালিকের মুখে মেঘের ছায়া, জটিলতার পাশে।
হিসেবের খাতা পাল্টে যায় কৌশলী অজুহাতে,
ন্যায্য পাওনা কমে যায় আজ শঠতার সংঘাতে।

বুকের ভেতরে বিদ্রোহ জাগে, কণ্ঠ রুদ্ধ থাকে,
প্রতিবাদের ওই মশালটি তারা কেবল মনেই আঁকে।
একটি শব্দ তুললেই ভয়— যদি যায় হাতের কাজ,
বিকল্প হাতে পূর্ণ হবে এ শূন্য কারখানা আজ।

হাজারো বেকার দ্বারে দাঁড়িয়ে, সস্তায় শ্রম দিতে,
তাই তো শ্রমিক বাধ্য মাথাটা নীরবে নুয়ে নিতে।
সামান্য কটি টাকার দোহাই, আপসে মেটায় ক্ষুধা,
প্রতিবাদহীন এ যন্ত্রণাই কি বেঁচে থাকার সুধা?

এরই মাঝে জাগে হঠাৎ স্লোগান, ওড়ে লাল নিশান,
নেতারা হাঁকেন অধিকারের বুলি, যেন বিধাতার শান।
কোট-বুট পরা বাবুরা সাজেন শ্রমিকের বড় নেতা,
শ্রমিক দরদী মুখগুলো সব, স্বার্থের অগ্নিচিতা।

যারা মিছিলে হেঁটে ঘাম ঝরায় না, সয় না রোদের আঁচ,
নেতা হয়ে তারা খেলে যাচ্ছে আজ ক্ষমতার পাশা-কাঁচ।
শ্রমিকের ঘাম বিক্রি করে কেনেন দামি গাড়ি,
শ্রমিক তখনো না খেয়েই থাকে, জীর্ণ তাহার বাড়ি।

আন্দোলনের যে দিনটিতে শ্রমিক মিছিলে যায়,
মালিকের খাতায় হাজিরা কাটে, মজুরি সে নাহি পায়।
পেটে ক্ষুধা নিয়ে স্লোগান দেয় সে নেতার আসন তরে,
সেই নেতা কাল মন্ত্রী হবে, রাজার প্রাসাদে চড়ে।

বিধায়ক হয়ে ভুলে যাবে আজ রাজপথের এই সাথী,
শ্রমিকের ঘরে জ্বলবে না কভু একবেলাও সুখের বাতি।
একদিনের ঐ লোক দেখানো মায়া, আর রঙিন ভাষণ,
তৈরি করছে নেতাদের শুধু গদিতে বসার প্রহসন।

শ্রমিক যেমন তেমনই থাকে, বদলায় শুধু মুখ,
নেতারা ভোগেন বিলাসের নদী, শ্রমিক সয় অসুখ।
বইয়ের পাতায় মে দিবস আছে, বাস্তবে নেই আলো,
শ্রমের বাজারে আজও আধিপত্য শোষণের রঙ কালো।

তবে কেন আজ রাস্তার মাঝে বৃথা এই চিৎকার?
ভণ্ড নেতার হাত ধরে কেন হবে এ পারাপার?
প্রয়োজন নেই কোনো ছদ্মবেশী নেতার ঝাণ্ডা হাতে,
শ্রমিকের লড়াই হোক আজ ন্যায়ের সংবিধানের সাথে।

যে সংস্থানেই করুক কাজ, কলকারখানা কি ঘর,
ন্যায্য পাওনা চাইলে কেন মালিক ভাববে পর?
প্রতিবাদে মুখ খুললেই কেন ছাঁটাই করার ভয়?
শোষিত প্রাণ কেন তবে সব হারাবার ভয়ে রয়?

এখানেই চাই রাষ্ট্রের হাত, কঠোর আইনি বিধান,
শ্রমিককে যেন না হতে হয় মালিকের করুণা-দান।
সংবিধানে থাক এমন ধারা, শ্রমিকের রক্ষাকবচ,
অকারণে ছাঁটাই করলে মালিকের দম্ভ হবে খচমচ।

সরকার নেবে সঠিক তথ্য, কেন সে কাজ হারাল?
মালিকের মর্জির আগুনে কেন তার জীবন পুড়ল?
আইন হবে তার আসল নেতা, বিচার হবে মূল ভিত্তি,
তবেই ঘুচবে শ্রম বাজারে সব পৈশাচিক কৃতি।

কোনো আন্দোলন নয়, চাই শুধু নীতির স্বচ্ছ রূপ,
শ্রমিক যেখানে নির্ভয় রবে, শোষক হবে চুপ।
নেতার চরণে নয়, বরং আইনের ছত্রতলে,
শ্রমিক বাঁচুক আত্মসম্মানে, সত্যের দীপ জ্বলে।

প্রতারক ঐ নেতার মুখোশ ভাঙুক আজ বহুদূর,
শ্রমিকের হাতে অধিকার আসুক, আসুক নতুন ভোর।
সংবিধান যদি ঢাল হয়ে দাঁড়ায় শ্রমিকের দ্বারে,
তবেই মুক্তি আসবে সবার, এই শোষণের আঁধারে।

মে দিবস! - রকিবুল ইসলাম

রকিবুল ইসলাম



মে দিবসে ছুটির দিনে 
নিস্তার নাই কোন মতে।
আজও ভাই ছুটতে হবে,
রুটি রুজির সন্ধান পেতে।
হায়রে ভাই!নাইরে ভাই!
গরীবের কোন ছুটি নাই।
কর্ম যজ্ঞে মাতলে তবে
অভুক্ত সবে আহার পাবে।
আট ঘন্টা কাজের দাবিকে,
মহাজনে আজ থোড়াই করে।
প্রাণ ঝরল যে দাবিতে,
শুধুই তা কাগজে-কলমে।

কোনটাই না... - ত্রিদিবেশ দে

 
ত্রিদিবেশ দে 


অনেকেই হয়তো মনে করে
বেশ আনন্দে দিন কাটাচ্ছে। 

ফেসবুকে নিত্য নতুন ছবি আপলোড,
হাসি মজা,আড্ডা সব নিয়ে 
বেশ আনন্দেই দিন কাটাচ্ছে।

সারাদিনে লাইক,কমেন্টের ছড়াছড়ি।
 
যে যা খুশী বলুক,
শুরুতে এটা করতে নেই,
এটা বলতে নেই, 
এখানে যেওনা,ওখানে যাবে না,
একা কোথাও বেড়োনো যাবে না।

পিকনিক,সিনেমা,বেড়াতে যাওয়া-
কোনটাই হয়ে ওঠেনি। 

এসব ছিলো শুধু মাত্র কল্পনা

আবেগের পরিণতি... কলমে- সুবর্ণা দাশ

 


ত্বন্নী ও তনয় দুজনকে দুজন খুবই ভালোবাসতো। 
পড়াশোনায়ও দুজন তুখোড়। এম, বি, এ'র ছাত্র-ছাত্রী দুজন। রোজ দুজন দেখা করতো সময় মতো। এমন একদিনও ছিলো না দুজন দেখা না করে থেকেছে। কিন্তু পৃথিবীর অমোঘ নিষ্ঠুর নিয়মের কাছে হার মানতে হয় সবাইকে। 

জন্ম নিলে মৃত্যু অবশ্যম্ভাবী কিন্তু অপমৃত্যু বা সময়ের আগে পৃথিবী থেকে চিরবিদায় নেওয়া কেইবা সহ্য করতে পারে! তনয় বাবা-মায়ের একমাত্র সন্তান। বাবার কাছে তনয় আবদার করে একটা ভালো থেকে বাইক কিনে দেবার জন্য। মা-বাবাও ভাবলো একটা বাইকের খুব দরকার। কাছে পিঠে কোথাও যেতে বাইকের প্রয়োজন হয়। তাই বাবাও তনয়ের কথা মতো ভালো দেখে একটা বাইক কিনে দিলো। সেই বাইক যে কাল হবে কে জানতো। কে জানতো মৃত্যুর ফাঁদ পেতে বসে আছে ঐ বাইক। 

প্রথম যেদিন বাইক নিয়ে তনয় বের হয়, বাড়ির কিছু দূর যেতে না যেতেই রাস্তায় গাছের সাথে ধাক্কা লেগে বাইক থেকে ছিটকে পড়ে স্পট ডেথ। নিথর দেহ পড়ে আছে রাস্তার উপর। সাধের বাইক পড়ে আছে রাস্তার ধারে। লোকজন জড়ো হয়ে তনয়ের নিথর দেহ খানা তুলে হসপিটাল নিয়ে গেল। ডাক্তার দেখে বলে, দেহে প্রাণ নেই। তনয় নেই পৃথিবীতে, কি করে জানাবে তনয়ের মা-বাবাকে? নিষ্ঠুর সত্য জানাতেই হবে তাই অগত্যা তনয়ের মা-বাবাকে খবর দেওয়া হলো। ত্বন্নীর কাছেও খবর গেল। আকাশ বাতাস ভারী হয়ে উঠলো তনয়ের মা-বাবা ও আত্মীয় স্বজনদের কান্নায়। সে এক হৃদয় বিদারক দৃশ্য! ত্বন্নীর মুখে কোনো কথা নেই। নির্বাক তাকিয়ে আছে তনয়ের দেহর দিকে। 

রোগা হয়ে গেছে ত্বন্নী। সবাই অনেক চেষ্টা করলো একটু কাঁদুক বা মুখে কিছু একটা বলুক। কিন্তু না চুপ হয়ে গেল ত্বন্নী। বুকের ভেতর দুমড়ে মুষড়ে ভেঙ্গে যাচ্ছে হৃদয়। আর সহ্য করতে পারছে না ত্বন্নী। কী করবে তনয়কে ছাড়া ত্বন্নী? ওরা যে কথা দিয়েছিলো একজনকে ছাড়া একজন বাঁচতে পারবে না। 

ত্বন্নীর মা-বাবা পাহারায় রেখেছে ত্বন্নীকে। আদর করে বুকে ধরে রাখে ত্বন্নীর মা। মুখে কিছু তোলে না, কিছু বলেও না। মহা চিন্তায় পড়ে গেল ত্বন্নীর মা-বাবা। ত্বন্নী যে তনয়কে প্রচন্ড ভালোবাসতো। 

রাতে শোয়ার সময় ত্বন্নীর মা ত্বন্নীর সাথে শোয়। না ঘুমতে ঘুমতে ত্বন্নীর মাও বড় ক্লান্ত। একদিন রাতে ত্বন্নীর মা চোখ লেগে এলো ঘুমে হঠাৎ চোখ মেলে দেখে ত্বন্নীর দেহ পাখার সাথে ঝুলছে। চিৎকার করে ওঠে ত্বন্নীর মা। একি সর্বনাশ করলি মা! পাশের ঘর থেকে ত্বন্নীর বাবা ছুটে আসে। মেয়ের এই অবস্থা দেখে হতভম্ব হয়ে, দিশা হারিয়ে বুক চাপড়াতে থাকে। প্রেমের আবেগে উদাসীন হয়ে যন্ত্রনাদায়ক মৃত্যুকে শেষ পরিণতি হিসেবে বেছে নিলো ত্বন্নী। হয়তো 

ত্বন্নী মনে প্রাণে বিশ্বাস করে ওদের অমর প্রেমের পরিণয় মৃত্যু।


সুবর্ণা দাশ


মুক্তি - রাজ কিশোর দাস

  মুক্তি - রাজ কিশোর দাস আজ থেকে তোর নাম নেব না, এখন তুই অন্য ললনা। জীবন তো সবার এক হয় না, তাই আর বিরহে বসে থাকা মানায় না। জানি, তুই ঠিক স...

জনপ্রিয় পোস্ট